সাতক্ষীরা মেডিকেলে আজ ২ মাসে রোগীর সংখ্য সর্বনিম্ন, মৃত্যু ৪
গত ২৪ ঘণ্টায় করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চার জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিন জন করোনা উপসর্গ নিয়ে ও একজন করোনায় মারা গেছেন।
আজ শুক্রবার মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়কের দপ্তর সূত্র দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছে।
সূত্র জানিয়েছে, আজ হাসপাতালটিতে রোগী রয়েছেন ১৬৫ জন। এটি গত দুই মাসের মধ্যে সর্বনিম্ন। গতকাল বৃহস্পতিবার এ সংখ্যা ছিল ১৯২ জন। গত ২২ জুলাই রোগী ভর্তি ছিলেন ১৮১ জন।
গত ১৫ জুন থেকে ঈদের আগ পর্যন্ত প্রতিদিন রোগী ভর্তি ছিলেন ২৬৫ থেকে ২৮৫ জন।
সূত্র মতে, গত জুনের প্রথম সপ্তাহ থেকে সাতক্ষীরায় করোনা রোগী সংখ্যা দ্রুত বাড়তে থাকে। গত ১৫ জুনের পর থেকে ২৫০ শয্যার হাসপাতালটিতে রোগী সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৬৫ থেকে ২৮৫ জনে। ঈদের পর দুই দিন রোগীর সংখ্যা কমে ১৮১ ও ১৮৩ জন হলেও পরে তা আবার বাড়তে থাকে। গত ২৬ ও ২৭ জুলাই রোগীর সংখ্যা ছিল ২০২ জন করে।
চলতি মাসে জেলায় করোনায় ১১ জন ও উপসর্গ নিয়ে ১৮৭ জন মারা গেছেন। গত জুনে করোনায় ২৮ জন ও উপসর্গ নিয়ে ১২২ জনের মৃত্যু হয়।
পরিসংখ্যানে দেখা যায়, করোনায় মৃত্যু কমলেও উপসর্গ নিয়ে মৃত্যু অনেক বেড়েছে।
এ পর্যন্ত জেলায় করোনা উপসর্গ নিয়ে ৫৩৬ জন ও করোনায় ৮৫ জন মারা গেছেন।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. কুদরত-ই-খোদা ডেইলি স্টারকে বলেন, 'এখন হাসপাতালে রোগীর চাপ একটু কম। রোগীর সংখ্যা কমলেও উপসর্গ নিয়ে মৃত্যু কমছে না।'
তিনি আরও বলেন, 'রোগীরা সাধারণত সময় মতো চিকিৎসা নিচ্ছেন না। শ্বাসকষ্টসহ অন্যান্য উপসর্গ প্রকট হলে তারা শেষ মুহূর্তে হাসপাতালে আসেন। তাই উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে যাচ্ছে।'