সাতক্ষীরা মেডিকেলে আরও ৫ মৃত্যু, বন্ধ আছে নমুনা পরীক্ষা
করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৬১১ জন। এরমধ্যে করোনা উপসর্গ নিয়ে মারা গেছে ৫২৭ জন ও করোনায় মারা গেছে ৮৪ জন।
মেডিকেলের আরটিপিসিআর ল্যাব দূষণযুক্ত থাকায় গত রোববার থেকে নমুনা পরীক্ষা করা হচ্ছে না।
সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানান।
তিনি বলেন, 'মঙ্গলবার সকাল আটটা থেকে বুধবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আরও পাঁচজন উপসর্গ নিয়ে মারা গেছে। এ নিয়ে করোনা উপসর্গ নিয়ে ৫২৭ জনের মৃত্যু হলো এবং করোনায় মৃত্যু হয়েছে ৮৪ জনের। চলতি জুলাইয়ের ২৮ দিনে করোনা উপসর্গ নিয়ে মারা গেছে ১৭৮ জন এবং করোনায় মারা গেছে ১০ জন। জুনে করোনা উপসর্গ নিয়ে মারা যান ১২২ জন এবং করোনায় ২৮ জন।
তিনি আরও বলেন, জেলায় করোনা উপসর্গ নিতে মৃত্যুর সংখ্যা কমছে না। মানুষ সচেতন হচ্ছে না, সামাজিক দূরত্ব মানছে না।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আরটিপিসিআর ল্যাবের দায়িত্বে থাকা ডা. অভিজিৎ গুহ জানান, রোববার থেকে পিসিআর ল্যাবের মেশিনগুলো দুষণযুক্ত (কন্টিমিনেশন) হয়ে পড়ে। মেশিন দূষণমুক্ত করার চেষ্টা চলছে। আশা করছি আগামী ৩-৪ দিনের মধ্যে আবার নমুনা পরীক্ষা শুরু করতে পারব।