সাতক্ষীরা মেডিকেলে একদিনে আরও ১০ জনের মৃত্যু, শনাক্ত ১০.৪৯ শতাংশ

নিজস্ব সংবাদদাতা, সাতক্ষীরা

করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে (সামেক) গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন ছিলেন করোনা পজিটিভ।

এ নিয়ে জেলায় করোনা উপসর্গে গত দুই সপ্তাহে মারা গেছেন ৯১ জন। আর করোনা পজিটিভ হয়ে মারা গেছেন পাঁচ জন।

জুনের প্রথম দুই সপ্তাহে জেলায় করোনা উপসর্গ নিয়ে মারা গিয়েছিল ২৭ জন। পরিসংখ্যান অনুযায়ী জুনের প্রথম দুই সপ্তাহের চেয়ে জুলাইয়ের প্রথম দুই সপ্তাহে মৃত্যুর হার প্রায় সাড়ে তিনগুণ বেশি।

গত ২৪ ঘণ্টায় পিসিআর ল্যাব ও র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট মিলিয়ে ৩২৪ জনের নমুনা পরীক্ষা করে ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১০ দশমিক ৪৯ শতাংশ। গত দুই মাসের শনাক্তের হারে এটি সর্বনিম্ন।

সামেকের তত্ত্বাবধায়ক ডা. কুদরত-ই-খোদা জানান, করোনা উপসর্গ নিয়ে প্রতিদিন ৫০-৬৫ জন ভর্তি হচ্ছেন। করোনা সংক্রমণের হার কমছে না। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালে নয় জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। এসময় করোনা সংক্রমিত হয়ে মারা গেছেন একজন।

তিনি জানান, উপসর্গ নিয়ে মৃত্যুর হার বেড়ে চলছে। পরিসংখ্যান অনুযায়ী জুন মাসের প্রথম দুই সপ্তাহের চেয়ে জুলাই মাসের প্রথম দুই সপ্তাহে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু বেড়েছে শতকরা প্রায় সাড়ে তিনগুণ। ১-১৪ জুন পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে মারা গিয়েছিলেন ২৭ জন। আর চলতি জুলাই মাসের ১-১৪ তারিখ পর্যন্ত মারা গেছেন ৯১ জন। তবে, করোনা সংক্রমণ নিয়ে মৃত্যুর সংখ্যা কমেছে। জুন মাসের ১-১৪ তারিখ পর্যন্ত মারা গিয়েছিলেন ১০ জন। সেখানে জুলাই মাসের ১-১৪ তারিখ পর্যন্ত মৃত্যু অর্ধেকে নেমে এসেছে।

ডা. কুদরত-ই-খোদা আরও জানান, মানুষের মধ্যে সচেতনতা আসেনি। বাড়িতে চিকিৎসা নেয় নিজের মতো করে। কিংবা স্থানীয় কোনো গ্রাম চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নেয়। আবার বিভিন্ন নামসর্বস্ব ক্লিনিকেও অনেকে ভর্তি হয়ে চিকিৎসা নেয়। যখন রোগীর অবস্থা চরম আকার ধারণ করে তখন হাসপাতালে আসে। ফলে অনেক ক্ষেত্রে ওইসব রোগীর রোগ নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে।

এসব কারণে করোনা উপসর্গ নিয়ে মানুষ বেশি মারা যাচ্ছেন বলে মনে করেন তিনি।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের চিকিৎসা কর্মকর্তা জয়ন্ত সরকার জানান, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় পিসিআর ল্যাব ও র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট মিলিয়ে ৩২৪ জনের নমুনা পরীক্ষা করে ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১০ দশমিক ৪৯ শতাংশ। গত ১৫ মে থেকে ১৪ জুলাই পর্যন্ত দুই মাসের শনাক্তের হারে এটি সর্বনিম্ন।

তিনি আরও বলেন, ‘জেলায় ১৭ হাজার ৭৮৫ জনের নমুনা পরীক্ষা করে এ পর্যন্ত চার হাজার ৬১১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন তিন হাজার ৩৪৫ জন। আজ বুধবার জেলায় করোনা পজিটিভ রোগী আছেন এক হাজার ১৮৭ জন। এরমধ্যে সরকারি ও বেসরকারি হাসপাতালে ৩৭ জন করোনা পজিটিভ রোগী ভর্তি আছেন। এক হাজার ১৫০ জন বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে সামেক হাসপাতালে ১৯ জন পজিটিভ ও ২৫০ জন করোনা উপসর্গের রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।

সাতক্ষীরার জেলা প্রশাসক হুমায়ূন কবির জানান, স্বাস্থ্যবিধি না মেনে চলায় গত ২৪ ঘণ্টায় সাতটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে ২৫ জনকে ১৪ হাজার ৭০০ টাকা জরিমানা করে তা আদায় করা হয়।