করোনাভাইরাস

সাতক্ষীরা মেডিকেলে ৫ জনের মৃত্যু, শনাক্ত ২৬.০৩ শতাংশ 

নিজস্ব সংবাদদাতা, সাতক্ষীরা

করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে পাঁচ জন মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৩৭৬ জন। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৬ জন।

একই সময়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৪৩৩ জনের নমুনা পরীক্ষা করে ১১৩ জনের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ২৬ দশমিক ০৩ শতাংশ।

আজ মঙ্গলবার সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা ডা. জয়ন্ত সরকার দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সোমবার সকাল আটটা থেকে মঙ্গলবার রাত আটটা পর্যন্ত করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনা উপসর্গ ও করোনা আক্রান্ত হয়ে সাতক্ষীরায় মোট ৪৫২ জনের মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, জেলায় বর্তমানে ৯৩৭ জন করোনা রোগী আছেন। তাদের মধ্যে ৩৬ জন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অন্য ৯০১ জন বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

করোনা ডেডিকেটেড মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. কুদরত-ই-খোদা দ্য ডেইলি স্টারকে জানান, ২৫০ শয্যার হাসপাতালে বর্তমানে ২১ জন করোনা রোগীসহ মোট ২৭৭ জন রোগী আছে।

যোগাযোগ করা হলে সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত জানান, গত ৫ জুলাই থেকে সাতক্ষীরা জেলায় লকডাউন চলছে। কিন্তু, করোনা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।

জেলায় এ পর্যন্ত ১৪ হাজার ৫০৩ জনের নমুনা পরীক্ষা করে তিন হাজার ৮৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা অনুযায়ী করোনা সংক্রমণের শতকরা হার ২৬ দশমিক ৪৯ শতাংশ। তাদের মধ্যে সুস্থ হয়েছে দুই হাজার ৭৬৯ জন।