সিনোফার্মের আরও ২০ লাখ ডোজ টিকা ঢাকায়
চীন থেকে সিনোফার্মের আরও ২০ লাখ ডোজ টিকা দেশে এসে পৌঁছেছে। আজ শুক্রবার ভোরে এ টিকা এসে পৌঁছায়।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, 'সিনোফার্মের টিকা নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দ্বিতীয় ফ্লাইটটি আজ ভোররাত ১টা ১৪ মিনিটে এবং তৃতীয় ফ্লাইটটি ভোর ৫টা ৩৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। প্রতিটি ফ্লাইটে ১০ লাখ ডোজ করে টিকা ছিল।'
'এর আগে ১০ লাখ টিকা নিয়ে বিমানের প্রথম ফ্লাইটটি গতকাল বৃহস্পতিবার রাত ১০টা ২০ মিনিটে বিমানের ঢাকায় অবতরণ করে,' যোগ করেন তিনি।
তিনি আরও বলেন, 'বিমানের ফ্লাইটগুলো বিমানবন্দরে অবতরণের পর বিমানের পক্ষ থেকে সব ধরনের গ্রাউন্ড হ্যান্ডেলিং সুবিধা দেওয়া হয়।'
গতকাল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মোট ৩০ লাখ ডোজ কোভিড-১৯ টিকা দেশে আনতে গতকাল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অত্যাধুনিক তিনটি ড্রিমলাইনার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উদ্দেশ্যে ছেড়ে যায়।
বাংলাদেশ সিনোফার্মের কাছ থেকে দেড় কোটি ডোজ টিকা কিনেছে। তিন মাসের মধ্যে এই টিকা দেশে আসার কথা। ইতোমধ্যে চুক্তির ৭০ লাখ ডোজ ভ্যাকসিন দেশে পৌঁছেছে।
এ ছাড়াও, চীন থেকে উপহার হিসেবে দুই দফায় সিনোফার্মের ১১ লাখ ডোজ ভ্যাকসিন পেয়েছে বাংলাদেশ।