সিলেটে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত ৪১.৯২ শতাংশ

নিজস্ব সংবাদদাতা, সিলেট

সিলেট বিভাগের চার জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত সর্বোচ্চ ৪১ দশমিক ৯২ শতাংশ রোগীকে শনাক্ত করা হয়েছে। আজ রোববার সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারের এক হাজার ৪৩৬টি নমুনা পরীক্ষায় ৬০২ জনের করোনা শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে মৌলভীবাজার ও সিলেট জেলায়।

মৌলভীবাজারে ২৬৭টি নমুনা পরীক্ষায় ১৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৫৩ দশমিক ১৮ শতাংশ। সিলেটে ৬৮৬টি নমুনা পরীক্ষায় ২৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪১ দশমিক ৫৫ শতাংশ।

এ ছাড়া, সুনামগঞ্জে ২৬১টি নমুনা পরীক্ষায় ৮৮ জন এবং হবিগঞ্জে ২২টি নমুনা পরীক্ষায় ৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। সুনামগঞ্জে শনাক্তের হার ৩৩ দশমিক ৭২ শতাংশ ও হবিগঞ্জে ৩৯ দশমিক ১৯ শতাংশ।

চার জেলায় এ পর্যন্ত মোট ২৯ হাজার ৫৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৪ হাজার ৮৭২ জন এবং মারা গেছেন ৫২৪ জন।

গত ৯ জুলাইয়ের সর্বোচ্চ ৪৪২ জনের করোনা শনাক্ত হয়েছিল। এর আগে ৮ জুলাই দ্বিতীয় সর্বোচ্চ শনাক্ত ছিল ৩৮৯ জন।