সিলেট বিভাগে এক দিনে সর্বোচ্চ মৃত্যু ও শনাক্তের রেকর্ড
সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে এক দিনে সর্বোচ্চ ১২ জনের মৃত্যু। একই সময়ে এক হাজার ৮৬৩টি নমুনা পরীক্ষা করে ৬৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৬ দশমিক ৫৫ শতাংশ।
আজ রোববার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানিয়েছেন, এটি এখন পর্যন্ত সর্বোচ্চ শনাক্তের রেকর্ড।
ডা. হিমাংশু লাল আরও জানান, ১২ জনের মধ্যে ১১ জনের বাড়ি সিলেটে ও একজনের বাড়ি মৌলভীবাজারে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সিলেটে ৭৭৩টি নমুনা পরীক্ষা করে ২৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া, সুনামগঞ্জের ২৩৪টি নমুনা পরীক্ষা করে ৯৮ জন, হবিগঞ্জে ৩৪৩টি নমুনা পরীক্ষা করে ১০৫ জন ও মৌলভীবাজারের ৫১৩টি নমুনা পরীক্ষা করে ১৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার সিলেটে ৩৭ দশমিক ৫২ শতাংশ, সুনামগঞ্জে ৪১ দশমিক ৮৮ শতাংশ, হবিগঞ্জে ৩০ দশমিক ৬১ শতাংশ ও মৌলভীবাজারের ৩৬ দশমিক ৬৫ শতাংশ।
আজ সকাল পর্যন্ত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত ৪৩১ জন রোগী ভর্তি ছিলেন। এর মধ্যে সিলেটের ২৯৮ জন, সুনামগঞ্জের ৪৩ জন, হবিগঞ্জের ৬৫ ও মৌলভীবাজারের ২৫ জন।
সিলেট বিভাগে এ পর্যন্ত ৩৩ হাজার ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৬ হাজার ৪৭৩ জন, মারা গেছেন ৫৭০ জন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।