সিলেট বিভাগে করোনা শনাক্তের হার ৩৫.৪১ শতাংশ, মৃত্যু ২

নিজস্ব সংবাদদাতা, সিলেট

সিলেট বিভাগের চার জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় দুই জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এক হাজার ৯৩ জনের নমুনা পরীক্ষা করে ৩৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৫ দশমিক ৪১ শতাংশ।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেটের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া এ তথ্য জানিয়েছেন।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মারা যাওয়া একজন সিলেট ও একজন হবিগঞ্জের বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় সিলেটের ৭১০টি নমুনা পরীক্ষা করে ২৪৭ জন, সুনামগঞ্জের ১৬৪টি নমুনা পরীক্ষা করে ৫৬ জন, হবিগঞ্জের ৯৪টি নমুনা পরীক্ষা করে ২৮ জন ও মৌলভীবাজারের ১২৫টি নমুনা পরীক্ষা করে ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

পরীক্ষা বিবেচনায় সিলেটে করোনা শনাক্তের হার ৩৪ দশমিক ৭৯ শতাংশ, সুনামগঞ্জের ৩৪ দশমিক ১৫ শতাংশ, হবিগঞ্জের ২৯ দশমিক ৭৯ শতাংশ ও মৌলভীবাজারের ৪৪ দশমিক ৮০ শতাংশ। আজ সকাল পর্যন্ত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত ৪৪৯ জন রোগী ভর্তি ছিলেন। এর মধ্যে সিলেটের ৪২৬ জন, সুনামগঞ্জের সাত জন, হবিগঞ্জের সাত জন ও মৌলভীবাজারের ১৬ জন।

সিলেট বিভাগে এ পর্যন্ত ২৭ হাজার ৩৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৪ হাজার ২১৭ জন, মারা গেছেন ৪৯৩ জন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।