করোনাভাইরাস

সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় রেকর্ড শনাক্ত ৩৮৯ জন, হার ৪০.১৪ শতাংশ

নিজস্ব সংবাদদাতা, সিলেট

সিলেট বিভাগের চার জেলায় গত ২৪ ঘণ্টায় ৯৬৯ জনের নমুনা পরীক্ষা করে রেকর্ড ৩৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪০ দশমিক ১৪ শতাংশ।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. সুলতানা রাজিয়া আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গত ৬ জুলাই বিভাগে সর্বোচ্চ ৩৮৭ জনের করোনা শনাক্ত হয়েছিল বলে জানান তিনি।

এছাড়া, ২৪ ঘণ্টায় বিভাগে করোনা আক্রান্ত হয়ে তিন জন মারা গেছেন। বিভাগের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ভর্তি আছেন ৫০৮ জন। তাদের মধ্যে ৪৫০ জনই সিলেট জেলায়।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, সিলেট জেলার ৫২৬টি নমুনা পরীক্ষা করে ২৫৬ জন, সুনামগঞ্জের ৭৭টি নমুনা পরীক্ষা করে ১৬ জন, হবিগঞ্জের ১৫৪টি নমুনা পরীক্ষা করে ৫১ জন ও মৌলভীবাজারের ২১২টি নমুনা পরীক্ষা করে ৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

পরীক্ষা বিবেচনায় সিলেট জেলায় করোনা শনাক্তের হার ৪৮ দশমিক ৬৭ শতাংশ, সুনামগঞ্জে ২০ দশমিক ৭৮ শতাংশ, হবিগঞ্জে ৩৩ দশমিক ১২ শতাংশ ও মৌলভীবাজারে ৩১ দশমিক ১৩ শতাংশ।

এ বিভাগে এ পর্যন্ত ২৮ হাজার ১০৫ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২৪ হাজার ৪৭৮ ও মারা গেছেন ৫০৫ জন।