সেরাম থেকে আবার টিকা আসবে আগস্টে: স্বাস্থ্যমন্ত্রী
আগামী আগস্ট মাসে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে আবারও অ্যাস্ট্রেজেনেকার টিকা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
শুক্রবার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্র থেকে উপহার হিসেবে আসা মডার্নার টিকা গ্রহণ করার সময় এ কথা জানান তিনি।
তিনি বলেন, ‘আমরা ইঙ্গিত পেয়েছি যে আগস্ট থেকে তারা (ভারতের সেরাম ইনস্টিটিউট) অ্যাস্ট্রাজেনেকার টিকা সরবরাহ শুরু করবে। যারা দ্বিতীয় ডোজ টিকা পাননি তাদেরকে এই টিকা দেওয়া যাবে।’
আস্ট্রাজেনেকা টিকার প্রথম ডোজ পাওয়া প্রায় ১৫ লাখ মানুষ দ্বিতীয় ডোজ পাওয়ার অপেক্ষায় আছেন। গত মার্চ মাস থেকে ভারত অন্য দেশে টিকা রপ্তানি বন্ধ রাখায় দ্বিতীয় ডোজের টিকা প্রাপ্তি নিয়ে বাংলাদেশে অনিশ্চয়তা তৈরি হয়। এক পর্যায়ে গণটিকাদান কর্মসূচিও স্থগিত করে দেওয়া হয়েছিল।
ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি অনুযায়ী, তারা বাংলাদেশে তিন কোটি ডোজ অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন সরবরাহ করবে। এর মধ্যে তারা জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ৩৩ লাখ ডোজ সরবরাহ করেছে।
মার্চ থেকে ভারতের টিকা রপ্তানি বন্ধ থাকায় বাংলাদেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ অন্যান্য দেশ থেকে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন আনার জন্য চেষ্টা করেছে তবে এখনও আশাব্যঞ্জক ফল পাওয়া যায়নি।