‘স্থলবন্দর দিয়ে সপ্তাহে ৩ দিন ভারত থেকে দেশে আসা যাবে’

স্টার অনলাইন রিপোর্ট

করোনা সংক্রমণের রাশ টানতে চলমান লকডাউনের মধ্যে সরকার অনুমোদিত স্থলবন্দর ব্যবহার করে সপ্তাহে তিন দিন ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করা যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ রোববার দুপুরে করোনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আয়োজিত স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘বাংলাদেশের বহু সংখ্যক নাগরিক চিকিৎসা ও অন্যান্য কারণে প্রতিবেশী দেশ ভারত ও অন্যান্য দেশে ভ্রমণ করে থাকেন। সরকারের যেগুলো নিয়ম-কানুন আছে সেগুলো প্রতিপালন করে তারা অনেকেই স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। কলকাতায় আমাদের যে উপহাইকমিশন আছে সেখান থেকে একটি সিদ্ধান্ত জানানো হয়েছে, ভারতে অবস্থানরত নাগরিকরা অনুমোদিত স্থলবন্দর— বেনাপোল, আখাউড়া, বুড়িমারী, হিলি, দর্শনা ও সোনা মসজিদ বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারবেন। আগামী ১৪ জুলাই পর্যন্ত সপ্তাহে তিন দিন রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার স্থলবন্দর ব্যবহার করে দেশে আসা যাবে।’