২৪ ঘণ্টায় মানিকগঞ্জে মৃত্যু ৩, শনাক্তের হার ৪৯.৫১ শতাংশ  

নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ

গত ২৪ ঘণ্টায় মানিকগঞ্জে ৪১০টি নমুনা পরীক্ষায় ২০৩ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪৯ দশমিক ৫১ শতাংশ। একই সময়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে দুজন মারা গেছেন।

আজ বৃহস্পতিবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় ও জেলা হাসপাতাল কর্তৃপক্ষ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছে।

সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডা. রফিকুন নাহার বন্যা দ্য ডেইলি স্টারকে বলেন, 'নতুন আক্রান্ত ২০৩ জনের মধ্যে সিংগাইরে ৬৮ জন, মানিকগঞ্জ সদরে ৪৬ জন, সাটুরিয়ায় ৩৬ জন, শিবালয়ে ২৭ জন, হরিরামপুরে ১২ জন, ঘিওরে সাত জন এবং দৌলতপুর উপজেলার সাত জন আছেন।'

তিনি আরও জানান, জেলায় এ পর্যন্ত ৩০ হাজার ৫৮১টি নমুনা পরীক্ষা করে চার হাজার ৭২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন দুই হাজার ৯৯২ জন। জেলায় এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৭৫ জন।

মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. কাজী এ কে এম রাসেল বলেন, 'গত ২৪ ঘণ্টায় কোভিড ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিন জন। তাদের মধ্যে করোনায় এক জন এবং উপসর্গ নিয়ে দুজন মারা গেছেন। আজ সকাল ১১টা পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৩০ জন। এর মধ্যে পজিটিভ ৯০ জন এবং আইসোলেশনে আছেন ১৪০ জন।'

পরিসংখ্যান অনুযায়ী, মানিকগঞ্জে প্রতিদিনই করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত ছয় দিনে জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৮৭৯ জন। ২৩ জুলাই আক্রান্ত হয়েছেন ৩৫ জন, ২৪ জুলাই আক্রান্ত হয়েছেন ১০৮ জন, ২৫ জুলাই আক্রান্ত হয়েছেন ১৬৯ জন, ২৬ জুলাই আক্রান্ত হয়েছেন ১৭০ জন এবং ২৭ জুলাই আক্রান্ত হয়েছেন ১৯২ জন এবং গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হলেন ২০৩ জন।