২ সপ্তাহে করোনা উপসর্গে মৃত্যুহার তিন গুণ বেড়েছে: সিজিএস

স্টার অনলাইন রিপোর্ট

গত দুই সপ্তাহে দেশে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর হার তিন গুণেরও বেশি বেড়েছে বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ (সিজিএস)।

সিজিএসের পরিসংখ্যান অনুযায়ী, গত মঙ্গলবার পর্যন্ত এর আগের দুই সপ্তাহে দেশে অন্তত ৪৮৬ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। তার আগের দুই সপ্তাহে করোনা উপসর্গ নিয়ে ১৫১ জন মারা গিয়েছিল।

sijies.jpg

সিজিএস জানায়, গত দুই সপ্তাহে করোনা উপসর্গ নিয়ে রাজশাহীতে সর্বোচ্চ ২৭০ জন মারা গেছেন এবং এরপরের অবস্থানে কুমিল্লায় ২৫১ জন মারা গেছেন।

অন্যান্য জেলাগুলোর মধ্যে সাতক্ষীরায় ২৪৫ জন, চাঁদপুরে ১৬১ জন, খুলনায় ১৪৯ জন, চট্টগ্রামে ১০৪ জন, বরিশালের ৯৮ জন, ঢাকায় ৯২ জন, এবং বগুড়া ও ফরিদপুরে ৭১ জন করে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।

সিজিএসের তথ্য অনুযায়ী, করোনা উপসর্গ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট দুই হাজার ৯৩৯ জন মারা গেছেন।

তবে, স্বাস্থ্য অধিদপ্তর প্রতিদিন কেবল করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা প্রকাশ করে। অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ শনিবার দেশে করোনায় ১৮৫ জন মারা গেছেন এবং করোনা আক্রান্ত হয়ে দেশে এ পর্যন্ত ১৬ হাজার ১৮৯ জন মারা গেছেন।