ফ্যামিলি কার্ড: ১৪ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

স্টার অনলাইন রিপোর্ট

ফ্যামিলি কার্ডের জন্য আগামী ২০২৬-২৭ অর্থবছরে ১৪ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

আজ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বাজেট প্রস্তাব উপস্থাপনের সময় এ কথা জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, সামাজিক সুরক্ষা ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিতকল্পে সরকারের সিগনেচার প্রোগ্রাম 'ফ্যামিলি কার্ড কর্মসূচি'। সরকার গঠনের ১ মাসের কম সময়ের মধ্যে প্রধানমন্ত্রী এ কার্যক্রম উদ্বোধন করেছেন।

এর মাধ্যমে পরিবারের প্রধান নারী মাসে আড়াই হাজার টাকা করে ভাতা পাবেন।

২০৩০ সালের মধ্যে পর্যায়ক্রমে 'ফ্যামিলি কার্ড' কার্যক্রম দেশব্যাপী বিস্তৃত করা হবে বলে জানান অর্থমন্ত্রী।

ইতোমধ্যে এর পাইলট কার্যক্রম শুরু হয়েছে জানিয়ে মন্ত্রী আগামী অর্থবছরে ৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনার কথা জানান।

মন্ত্রী আমির খসরু ফ্যামিলি কার্ডের জন্য ৪১ লাখ নারীর বিপরীতে আসন্ন বাজেটে ১৪ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করেন।