৫০০ এতিম শিক্ষার্থী পেলো স্কুলব্যাগ

স্টার অনলাইন রিপোর্ট

নরসিংদীর রায়পুরা উপজেলায় অরফান লাভ ফাউন্ডেশনের উদ্যোগে এবং সিটি ব্যাংকের সৌজন্যে ৫০০ এতিম শিক্ষার্থীর মাঝে স্কুলব্যাগ বিতরণ করা হয়েছে।

অরফান লাভ ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বুধবার উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীরা এই উপহার গ্রহণ করেছে।

একইসঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশন শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করেছিল ফুটবল ফেস্টিভাল। সেখানে বিজয়ীদের মাঝে উপহার হিসেবে ফুটবল বিতরণ করা হয়।

অরফান লাভ ফাউন্ডেশন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল।

এ ছাড়া, উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও সিটি ব্যাংকের নরসিংদী এরিয়া ম্যানেজার সুমন কুমার সিংহ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘অরফান লাভ ফাউন্ডেশন মানবিক দায়িত্ববোধ থেকে এতিম শিক্ষার্থীদের জন্য যে কাজ করেছ, তা সমাজের জন্য অনুকরণীয়।’

তাবিথ আউয়াল বলেন, ‘পড়াশোনার পাশাপাশি খেলাধুলা একজন শিক্ষার্থীকে সুনাগরিক হিসেবে গড়ে তোলে। এতিম শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা বিকাশে বাফুফে ভবিষ্যতেও পাশে থাকবে।’

শিক্ষাখাতে সামাজিক দায়বদ্ধতামূলক কাজে যুক্ত হতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করে সুমন কুমার সিংহ বলেন, সিটি ব্যাংক সবসময় শিক্ষা ও মানবিক উন্নয়নমূলক কাজে গুরুত্ব দিয়ে থাকে।

অরফান লাভ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ডা. ওসামা বিন নূর সিটি ব্যাংক ও বাফুফের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে সকলের সহযোগিতা কামনা করেন।