তদন্ত চলছে, শিগগির প্রতিবেদন প্রকাশ করবে সরকার: বাণিজ্য উপদেষ্টা
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের তদন্ত কার্যক্রম চলমান আছে। তদন্ত কার্যক্রম শেষ হলে সরকার প্রতিবেদন প্রকাশ করবে বলে জানিয়েছেন, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
আজ বৃহস্পতিবার সকালে ধানমন্ডিতে রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে ষষ্ঠ জাতীয় নারী বেসবল চ্যাম্পিয়নশিপ ২০২৫ এর উদ্বোধন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
এক প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন, তদন্ত কাজে সহযোগিতা করতে তুরস্ক থেকে আট সদস্যের একটি বিশেষজ্ঞ দল এসেছিল। আজই তারা দেশে ফিরে গেছে।
আগামী দুই-তিন দিনের মধ্যে প্রতিবেদন পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন বশিরউদ্দীন।
তিনি আরও বলেন, ওনাদের (তার্কিশ বিশেষজ্ঞ দল) প্রতিবেদন মূল নয়, আমাদেরটাই মূল প্রতিবেদন হবে। শিগগির তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে।
আরেক প্রশ্নের জবাবে শেখ বশিরউদ্দীন বলেন, বিকল্প উপায়ে এখন আমদানি পণ্য খালাস চলছে। দ্রুতই কার্যক্রম স্বাভাবিক হবে।