ঈদুল আজহায় শীর্ষে থাকবে কোন সিনেমা, চলছে বিশ্লেষণ

জাহিদ আকবর
জাহিদ আকবর

গত ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলো এখনো প্রেক্ষাগৃহে চলছে। এরমধ্যেই শুরু হয়ে গেছে ঈদুল আজহার সিনেমার প্রস্তুতি। 

ঈদুল ফিতরে পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছিল। তার মধ্যে রয়েছে— 'বনলতা এক্সপ্রেস', 'দম', 'প্রিন্স', 'প্রেসার কুকার', 'রাক্ষস'। 

ঈদুল ফিতরের এসব সিনেমার মধ্যে 'বনলতা এক্সপ্রেস' এখনো শীর্ষে অবস্থান করছে। অন্য সিনেমাগুলোও মোটামুটি ব্যবসা করেছে, প্রশংসিত হয়েছে। দেশের বাইরে মুক্তি পেয়ে ভালো সাড়া ফেলেছে। 

ঈদুল আজহায় কোন কোন সিনেমা ভালো করবে, সেটা নিয়ে চলছে বিশ্লেষণ। আসন্ন ঈদুল আজহায় মুক্তির তালিকায় থাকা কয়েকটি সিনেমা নিয়ে এই আয়োজন।

 

রকস্টার 


ঈদুল আজহায় শাকিব খান অভিনীত নতুন সিনেমা ‘রকস্টার’ মুক্তি পাবে। এই সিনেমায় দ্বিতীয়বারের মতো শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন সাবিলা নূর। 

এর আগে ‘তাণ্ডব’ সিনেমায় দেখা গিয়েছিল এই জুটিকে। 'রকস্টার' সিনেমাটি পরিচালনা করছেন আজমান রুশো। সিনেমাটি ঈদুল আজহায় মুক্তি পাবে, এমন ঘোষণা দিয়েই শুটিং শুরু করা হয়েছে। 

ইতোমধ্যে বেশির ভাগ শুটিং সম্পন্ন হয়েছে।


রইদ 


‘হাওয়া’ সিনেমার সাফল্যের পর 'রইদ' নির্মাণ করেছেন মেজবাউর রহমান সুমন। ইতোমধ্যে পরিচালক ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। সিনেমাটির একটি গানও প্রকাশ হয়েছে। 

মেজবাউর রহমান সুমন বলেন, ‘ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি দিচ্ছি আমরা। সম্ভাব্য মুক্তিকে সামনে রেখে এর প্রথম গানটি প্রকাশ করা হয়েছে। এই গানটা দিয়েই আসলে রইদের যাত্রাটা শুরু হলো বলা যায়। 

গানের সুরের মতোই “রইদ”-এর গল্পটিও দর্শকদের অনুভূতির গভীরে দাগ কাটবে এবং আসন্ন ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে তাদের অকৃত্রিম ভালোবাসা অর্জন করতে সক্ষম হবে।’


মালিক


আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মীম অভিনীত সিনেমা 'মালিক' ঈদুল আজহায় মুক্তির জন্য প্রস্তুত হচ্ছে। সিনেমাটি নির্মাণ করেছেন সাইফ চন্দন।

পরিচালক সাইফ চন্দন জানান, 'আমরা সিনেমাটির মুক্তির বিষয়ে কোনো কিছুই এখনও অফিসিয়ালি জানাইনি। তবে আমরা প্রস্তুত করছি। ঈদে মুক্তির বিষয়ে আনুষ্ঠানিকভাবেই সব জানানো হবে।'


মাসুদ রানা


প্রায় পাঁচ বছর আগে ‘মাসুদ রানা’ সিনেমার শুটিং শুরু করেছেন পরিচালক সৈকত নাসির। সিনেমাটির বেশিরভাগ শুটিং শেষ হলেও বাকি ছিল একটি গান ও কয়েকটি গুরুত্বপূর্ণ দৃশ্য। 

নানা জটিলতা কাটিয়ে সিনেমাটি ঈদুল আজহায় মুক্তির জন্য প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান।

সিনেমায় ‘মাসুদ রানা’ চরিত্রে অভিনয় করেছেন রাসেল রানা। তার বিপরীতে ‘সোহানা’ চরিত্রে আছেন পূজা চেরি।


পিনিক


বুবলী ও আদর আজাদ অভিনীত সিনেমা ‘পিনিক’।

জাহিদ জুয়েল পরিচালিত সিনেমাটি গত দুই ঈদ ধরেই মুক্তির ঘোষণা দিয়েও মুক্তি পায়নি। 

আগামী ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।


ট্রাইব্যুনাল


এ ছাড়াও রায়হান খান পরিচালিত ট্রাইব্যুনাল সিনেমাটিও ঈদে মুক্তি পেতে পারে। সিনেমাটিতে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি, নুসরাত ফারিয়া, মৌসুমী হামিদ ও সায়রা আক্তার। 

আরও আছেন তারিক আনাম খান, আদর আজাদ ও ইভন। 

সিনেমাটির কিছু অংশের শুটিং বাকি রয়েছে।