ইমরান হাশমির ‘আওয়ারাপান টু’ মুক্তির তারিখ পেছাল
বলিউডের ২০২৬ সালের বহুল প্রতীক্ষিত সিনেমাগুলোর একটি হলো আওয়ারাপান টু। সিনেমাটিতে অভিনয় করেছেন ইমরান হাশমি ও দিশা পাটানি। এটি ইমরান হাশমির আগের জনপ্রিয় সিনেমা আওয়ারাপানের সিক্যুয়েল।
বলিউড হাঙ্গামার প্রতিবেদনে বলা হয়, শুরুতে সিনেমাটির মুক্তির তারিখ ঠিক করা হয়েছিল ৩ এপ্রিল। ঘোষণা দেওয়ার পরপরই সামাজিকমাধ্যমে বেশ ট্রেন্ডিং হয়েছিল।
কিন্তু শুটিং এখনো শেষ না হওয়ায় নতুন মুক্তির তারিখ ঠিক করা হয়েছে। নির্ভরযোগ্য সূত্র বলিউড হাঙ্গামাকে জানিয়েছে, আওয়ারাপান টু ২০২৬ সালে ভারতের স্বাধীনতা দিবসের সপ্তাহে মুক্তি পাবে।
এটি একটি সংগীতনির্ভর ও প্রেমের গল্প। মুক্তির জন্য নির্মাতারা কয়েকটি সম্ভাব্য তারিখ বিবেচনা করে শেষ পর্যন্ত স্বাধীনতা দিবসের সময়কে বেছে নিয়েছেন।
বর্তমানে সিনেমার শুটিং চলছে এবং এপ্রিলের শেষ নাগাদ তা শেষ হওয়ার কথা। এরপর প্রায় দুই মাস পোস্ট-প্রোডাকশনের কাজ হবে। সব ঠিক থাকলে উৎসবের সময়েই সিনেমাটি মুক্তি পাবে।
আগের আওয়ারাপান সিনেমার গানগুলো আজও দর্শকদের কাছে খুব প্রিয়। সিক্যুয়েলেও সেই পুরনো অ্যালবামের দুটি গান নতুনভাবে নির্মাণ করা হয়েছে, যা এই সিনেমার বড় আকর্ষণ হতে পারে।
সিনেমাটি পরিচালনা করেছেন নিতিন কাকর।