‘ডিজেলের বিন্দুমাত্র সংকট নেই, অকটেনের সংকট মোটরসাইকেল চালকদের তৈরি করা’

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল

দেশের ডিজেলের বিন্দুমাত্র সংকট নেই জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ‘অকটেনের ক্রাইসিস যেটা, এটা হচ্ছে মোটরসাইকেল চালকদের নিজস্বভাবে তৈরি করা ক্রাইসিস।’

তিনি আরও বলেন, ‘তারা (চালক) মোটরসাইকেলে দিনে দুই-তিনবার তেল নিয়ে বাসায় রিজার্ভ করছে। আতঙ্কের মধ্যে...!’

‘আমি শুধু এইটুকু অনুরোধ করব, আতঙ্কগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই। আমাদের তেলের সাপ্লাই চেইন ঠিক আছে,’ যোগ করেন তিনি।

আজ শুক্রবার সকালে টাঙ্গাইলের প্রধান কাঁচাবাজার ‘পার্ক বাজার’ পরিদর্শনকালে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিজেলের কোথাও সংকট আছে—এমন তথ্য পাওয়া যায়নি দাবি করে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, ‘তবে কিছু অসাধু ফিলিং স্টেশন ব্যবসায়ী আছে, যারা নিজেরাই তেল মজুত রেখে বলছে তেল নাই এবং তারা অন্য দলের ব্যবসায়ীও হতে পারে। এই জিনিসগুলো গোয়েন্দা সংস্থা অনুসন্ধান করছে।’

‘দুএকজন মোটরসাইকেলওয়ালাদের এই অপতৎপরতা ছাড়া সারা দেশে তেলের কোনো সমস্যা আছে বলে আমরা মনে করি না,’ যোগ করেন তিনি।

ভর্তুকি দিয়ে জ্বালানি তেল আমদানির পরও দাম বাড়ানো হয়নি জন্য বিএনপি সরকারের ধন্যবাদ পাওয়া উচিত বলেও এ সময় মন্তব্য করেন তিনি।

আগামী তিন মাস পর্যন্ত তেলের মজুত আছে জানিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, ‘এরপরেও সরকার ঝুঁকি নিচ্ছে না। কারণ যুদ্ধ যদি দীর্ঘমেয়াদি হয়, সারা পৃথিবীর সাথে আমাদেরও এটার প্রভাব পড়তে পারে। এ জন্য সরকার কিছু কিছু ক্ষেত্রে পরিকল্পনা নিয়েছে।’

ঢাকা শহরসহ বড় বড় মার্কেটগুলো সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে, অফিসের সময়সীমা ৯টা থেকে ৪টা করা হয়েছে। স্কুল-কলেজের ব্যাপারে রোববার-সোমবারের মধ্যে একটি সিদ্ধান্ত আসবে। প্রধানমন্ত্রী, মন্ত্রী এবং সচিবদের চলাচলের জন্য তেলের যে বরাদ্দ, এটি ৩০ শতাংশ বাতিল করে দেওয়া হয়েছে। এর বাইরেও সাশ্রয় করার মতো যেসব বিষয় আছে, সেগুলো নিয়ে গতকাল অনেক সিদ্ধান্ত হয়েছে, জানান তিনি।