হামের উপসর্গে দেশে আরও ৪ মৃত্যু, মোট ৭৮৪
গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জন মারা গেছে। এর মধ্যে সিলেটে তিনজন ও ঢাকায় একজনের মৃত্যু হয়েছে।
তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যায়নি।
এ নিয়ে গত মার্চ থেকে হাম ও উপসর্গে মোট ৭৮৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ৯৫ জন ও হামের উপসর্গে ৬৮৯ জন মারা গেছে।
আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৭৪ জনের হাম শনাক্ত হয়েছে এবং এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১৪ হাজার ৩১৮ জনের হাম শনাক্ত হলো।
একই সময়ে ৬৯৯ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে এবং এ নিয়ে সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হলো ১ লাখ ১৬ হাজার ৭১০ জন।