স্বাস্থ্য অধিদপ্তরের সব চিকিৎসক-কর্মীর ছুটি বাতিল
শিশুদের হামজনিত নিউমোনিয়ার প্রাদুর্ভাব দেখা দেওয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের সব চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করেছে সরকার।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমীর গতকাল বৃহস্পতিবার সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, শিশুদের হামজনিত নিউমোনিয়ার প্রাদুর্ভাব দেখা দেওয়ায় আপদকালীন সময়ে নিরবচ্ছিন্ন চিকিৎসা সেবা দিতে ও হামের ভ্যাকসিন দেওয়ার সুবিধার্থে স্বাস্থ্য অধিদপ্তর ও অধিদপ্তরাধীন সব স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের ছুটি (অর্জিত ও নৈমিত্তিক) বাতিল করা হলো।
এ আদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে জারি করা হলো এবং অবিলম্বে কার্যকর হবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।