হরমুজে সার পরিবহন বন্ধ থাকলে দুর্ভিক্ষের ঝুঁকি: জাতিসংঘ

স্টার অনলাইন ডেস্ক

হরমুজ প্রণালি দিয়ে দ্রুত সার পরিবহনের অনুমতি না দেওয়া হলে বিশ্বের কয়েক কোটি মানুষ ক্ষুধা ও দুর্ভিক্ষের মুখোমুখি হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ।

আজ সোমবার এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে মানবিক সংকট মোকাবিলায় গঠিত জাতিসংঘের টাস্কফোর্সের প্রধান জর্জ মোরেইরা দা সিলভা বলেন, ‘সম্ভাব্য ভয়াবহ মানবিক সংকট ঠেকাতে আমাদের হাতে আর মাত্র কয়েক সপ্তাহ সময় আছে।’

তিনি বলেন, ‘আমরা এমন একটি সংকটের সাক্ষী হতে পারি, যা আরও ৪ কোটি ৫০ লাখ মানুষকে ক্ষুধা ও দুর্ভিক্ষের দিকে ঠেলে দেবে।’

দা সিলভা বর্তমানে জাতিসংঘের প্রজেক্ট সার্ভিসেস অফিসের নির্বাহী পরিচালক এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ও পণ্য সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণকারী জাতিসংঘের বিশেষ টাস্কফোর্সের নেতৃত্ব দিচ্ছেন।

মানবিক সংকট মোকাবিলায় গঠিত জাতিসংঘের টাস্কফোর্সের প্রধান জর্জ মোরেইরা দা সিলভা। ছবি: এএফপি

তার ভাষ্য, বিশ্বজুড়ে খাদ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় সারের বড় অংশই এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পরিবহন করা হয়। ফলে সরবরাহ দীর্ঘ সময় বাধাগ্রস্ত হলে বৈশ্বিক খাদ্য নিরাপত্তা মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ বিমান হামলার পর ইরান হরমুজ প্রণালিতে অবরোধ আরোপ করে। মাসব্যাপী যুদ্ধ চলার পর মার্কিন যুক্তরাষ্ট্র ১৩ এপ্রিল হরমুজে পাল্টা নৌ অবরোধ ঘোষণা করে। এখনো হরমুজ প্রণালিতে পণ্য পরিবহন ব্যবস্থার কোনো অগ্রগতি হয়নি।