হরমুজে দুই ট্যাংকারে ইরানের হামলায় ভারতীয় ক্রু নিহত, আহত ৮
হরমুজ প্রণালিতে দুটি ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে এক ক্রু নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন অন্তত আটজন। সংযুক্ত আরব আমিরাত মঙ্গলবার এমনটি জানিয়েছে।
যুক্তরাষ্ট্র ও তেহরানের মধ্যে গত কয়েক দিন ধরে অব্যাহত পাল্টাপাল্টি হামলার মধ্যেই এই ঘটনা ঘটল। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
তেল সমৃদ্ধ আরব আমিরাত এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রধান বন্ধু রাষ্ট্র। দেশটি এর আগেও বেশ কয়েকবার ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হওয়ার কথা জানিয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছে, ওমানের জলসীমার ভেতরে হরমুজ প্রণালির দক্ষিণ শিপিং লেন দিয়ে যাওয়ার সময় ইরানের ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন ট্যাঙ্কার মোম্বাসা ও আল বাহিয়াহ।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, হামলায় একজন ক্রু নিহত হয়েছেন, যিনি একজন ভারতীয় নাগরিক। এ ছাড়া আরও আটজন আহত হয়েছেন, যাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর । ক্ষেপণাস্ত্রের আঘাতে উভয় ট্যাঙ্কারেই আগুন ধরে যায় এবং এতে ক্ষয়ক্ষতি হয়, তবে বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
এই হামলাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন আখ্যা দিয়ে মন্ত্রণালয় বলেছে, এটি উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও শান্তি নষ্ট করছে।
হরমুজ প্রণালি বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনার কেন্দ্রে রয়েছে। গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার আগে বিশ্বের এক-পঞ্চমাংশ তেল পরিবহন করা হতো এই পথ দিয়েই।
গতকাল সোমবার ট্রাম্প বলেন, এই নৌপথ উন্মুক্ত রাখার ব্যয় মেটাতে এর মধ্য দিয়ে যাতায়াতকারী সমস্ত মালবাহী জাহাজের ওপর মাশুল (চার্জ) আরোপ করা হবে এবং ইরানি জাহাজের ওপর গত মাসে তুলে নেওয়া অবরোধ পুনরায় বহাল করা হবে।