কুমিল্লায় টার্মিনালে পার্ক করা ৩ বাসে আগুন

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা

কুমিল্লার জাঙ্গালিয়া বাস টার্মিনালে রয়েল কোচ পরিবহনের পার্ক করা ৩টি বাস আগুনে পুড়ে গেছে।

আজ রোববার দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ওই বাস টার্মিনালে এ ঘটনা ঘটে।

কুমিল্লা সদর দক্ষিণ থানার পরিদর্শক মো. সাইফুল দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাসগুলো দীর্ঘদিন ধরে ওই টার্মিনালে পার্ক করা ছিল বলে জানান তিনি।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে কুমিল্লা ইপিজেড ফায়ার সার্ভিস সদস্যরা।

ফায়ার সার্ভিসের লিডার কাউছার আহমেদ ডেইলি স্টারকে জানান, বাসে আগুনের সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, রয়েল কোচের অন্তত তিনটি পরিত্যক্ত বাস দীর্ঘদিন ধরে ডিপোতে পড়েছিল।

যোগাযোগ করলে ওই পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'বাসে আগুনের বিষয়ে একটু আগেই জেনেছি। পরে বিস্তারিত জানাতে পারব।'