কারওয়ান বাজারে বাস দুর্ঘটনা, ঢাবির ৮ শিক্ষার্থী আহত
কারওয়ান বাজারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের বহনকারী একটি বাস সামনে থাকা প্রাইভেট কার, মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়েছে। এতে আটজন শিক্ষার্থীসহ আরও কয়েকজন আহত হয়েছেন। আজ সকালে এ ঘটনা ঘটে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত শিক্ষার্থীরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, আজ সকাল সাড়ে ৮টার দিকে এফডিসি সংলগ্ন কারওয়ান বাজার এক্সপ্রেসওয়ের র্যাম্প থেকে নামার সময় বাসটি নিয়ন্ত্রণ হারায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী বাসটি ঢাল বেয়ে নামার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সেটি সামনে থাকা দুটি মাইক্রোবাস, দুটি প্রাইভেটকার এবং একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়।
দুর্ঘটনায় বাসটিও দুমড়ে-মুচড়ে গেছে। টঙ্গী থেকে আসা বিআরটিসির দোতলা এই বাসের নাম ‘ক্ষণিকা’।
ওসি আরও জানান, বাসে থাকা শিক্ষার্থী এবং ধাক্কা খাওয়া অন্যান্য যানের যাত্রীদের মধ্যে বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।