বাড্ডায় চিপস কারখানায় আগুন, ২ শ্রমিক নিহত
রাজধানীর বাড্ডা এলাকায় একটি চিপস তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে ২ শ্রমিক নিহত হয়েছেন।
আজ সোমবার ভোরে পূর্ব বাড্ডার কবরস্থান রোডে ‘মারিয়া আবদুল্লাহ ফুড’ চিপস কারখানায় এ ঘটনা ঘটে।
বাড্ডা থানার পরিদর্শক (অপারেশন) মো. আজহারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন—মোস্তাফা (২১) ও মাহমুদুল হাসান (২৩)। তারা রংপুরের তারাগঞ্জ উপজেলার বাসিন্দা।
পরিদর্শক আজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে কারখানার ভেতর থেকে ২ শ্রমিকের পোড়া মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
কারখানার শ্রমিক রাকিবুল ইসলাম বলেন, আগুন লাগার সময় টিনশেডের দুইতলা বাড়িতে প্রায় ১০ জন শ্রমিক ছিলেন।
তিনি বলেন, আমরা রাত ১০টার দিকে খাবার খেয়ে দ্বিতীয় তলায় ঘুমিয়ে পড়ি। রাত ২টার দিকে ধোঁয়া দেখে আমরা জেগে উঠি।
তিনি আরও বলেন, নিচতলা থেকে চিৎকার শুনে সবাই বের হয়ে আসতে পারলেও মোস্তাফা ও মাহমুদুল বের হতে পারেননি। আগুন নেভানোর পর দ্বিতীয় তলা থেকে তাদের মরদেহ পাওয়া যায়।