ভালুকায় ৩ কারখানায় ৪ শ্রমিকের মৃত্যু
ময়মনসিংহের ভালুকা উপজেলায় পৃথক ঘটনায় তিন কারখানায় চার শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার দিবাগত রাত ২টা থেকে আজ শনিবার সকালের মধ্যে এ চার শ্রমিকের মৃত্যু হয় বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন ভালুকা শিল্প পুলিশের পরিদর্শক ইমারত গাজি।
ভালুকার সিডস্টোর এলাকার এক্সিলেন্ট সিরামিক কারখানায় পানি পরিশোধনাগার ট্যাংক (ইটিপি) পরিষ্কার করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন—খুলনার শফিকুল ইসলাম (৩০) ও নেত্রকোণার রুমেল (২৫)।
পরিদর্শক ইমারত বলেন, ‘সকাল ১০টার দিকে ইটিপি ট্যাংক পরিষ্কার করতে নামা শফিকুলের সাড়া না পেয়ে পরে রুমেল তাকে বাঁচাতে ভেতরে প্রবেশ করেন। অচেতন অবস্থায় দুজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’
হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া এলাকার এনভয় টেক্সটাইল কারখানায় শুক্রবার দিবাগত রাত ২টার দিকে কাজ করার সময় পড়ে গিয়ে মাথায় রডের আঘাতে গুরুতর আহত হন নোয়াখালীর বেগমগঞ্জের বাসিন্দা শ্রমিক জাবেদ হোসেন (৩০)।
আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য তার মরদেহ মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এছাড়া, ভরাডোবা এলাকায় হ্যারি ফ্যাশন পোশাক কারখানায় অসুস্থ হয়ে এক শ্রমিক মারা গেছেন। নিহত আল আমিন (২৫) জেলার ত্রিশাল উপজেলার বাসিন্দা বলে জানান পরিদর্শক ইমারত।
তিনি জানান, সকাল ৯টার দিকে কাজে যোগ দেওয়ার পর অসুস্থ হয়ে পড়েন আল আমিন। তাকে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।