চাঁপাইনবাবগঞ্জে প্রায় সাড়ে ৪ কেজি হেরোইনসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জের সদর থানাধীন চরকোদালকাটি জেলেপাড়া গ্রামে অভিযান চালিয়ে মো. জিয়ারুল ইসলাম (৩৫) নামে এক মাদক চোরাকারবারিকে আটক করেছে র‍্যাব-৫ রাজশাহীর একটি দল।

অভিযানে প্রায় সাড়ে ৪ কেজি হেরোইন উদ্ধার করেছে র‍্যাব। 

এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টায় এই অভিযান চালানো হয়। অভিযানে মূলহোতা মো. জিয়ারুল ইসলাম (৩৫) নামে একজনকে আটক করা হলেও তার এক সঙ্গী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। 

র‍্যাব জানায়, দীর্ঘদিন ধরে একটি মাদক চোরাচালান চক্র বর্ডার এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য চোরাচালান করে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী থেকে রাজধানীসহ দেশের সব প্রান্তে মাদক সরবরাহ করে আসছিল। 

গোয়েন্দা তথ্যমতে, চক্রটি বিভিন্ন সময় বর্ডার হতে হেরোইন সংগ্রহ করে খুব কম সময়ের মধ্যে তা রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ থেকে দেশের বিভিন্ন স্থানে বাস, ট্রেন, ট্রাক ও অন্যান্য পরিবহনের মাধ্যমে পাচার করে আসছিল। পাচারের আগে চক্রটির মূল হোতা জিয়ারুল বর্ডার থেকে মাদক সংগ্রহ করে রাতে কিছু সময়ের জন্য তা মজুদ করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ এর গোয়েন্দা দল জানতে পারে গত ১২ আগস্ট রাতে এই চক্রের একটি বড় চালান পাচার হবে।  এই তথ্যের ভিত্তিতে দূর্গম চর এলাকায় অভিযান চালায় র‍্যাব।

র‍্যাব আরও জানায়, জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জিয়ারুল হেরোইন মজুদের কথা স্বীকার করেন এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার ঘরে প্লেন সিটের বাক্সের নিচে লুকানো অবস্থায় হেরোইন উদ্ধার করা হয়। 

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত জিজ্ঞাসাবাদে মাদক চক্রের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এই চক্রটির সদস্যরা বর্ডার এলাকায় কৃষিকাজের আড়ালে সীমান্তের ওপার হতে কৃষকের ছদ্মবেশে হেরোইন চোরাচালান করে থাকে। 

জিয়ারুলের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে বলে জানায় র‍্যাব।