লালমনিরহাটে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে মারধর, গ্রেপ্তার ২

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় এক মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় তার বাবাকে মারধরের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গতকাল বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে উপজেলার জগতবেড় ইউনিয়নের শুকুরেরটারী এলাকা থেকে অভিযুক্ত এক যুবক ও তার বাবাকে গ্রেপ্তার করা হয়। 

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার পাটগ্রাম থানায় মামলা করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—জগতবেড় ইউনিয়নের শুকুরেরটারী গ্রামের সুমন মিয়া (২১) ও তার বাবা সামিউল ইসলাম।

এ ঘটনায় আরও দুই অভিযুক্ত পলাতক রয়েছেন। তারা হলেন একই গ্রামের মোজাম্মেল হকের ছেলে শাওন মিয়া (২০) ও সফিকুল ইসলামের ছেলে রিফাত হোসেন (২০)। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে পচাভান্ডার গ্রামে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে ওই ছাত্রীর পথ আটকে অশালীন কথাবার্তা বলে তাকে উত্ত্যক্ত করে তিন যুবক। বিষয়টি জানতে পেরে মেয়েটির বাবা ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ জানান।

এতে ক্ষিপ্ত হয়ে উত্ত্যক্তকারীরা তাকে মারধর করে। এ সময় গ্রেপ্তার সুমন মিয়ার বাবা সামিউল ইসলামও ঘটনাস্থলে উপস্থিত হয়ে হামলায় অংশ নেন বলে অভিযোগ রয়েছে।

পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় মেয়েটির বাবাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ওসি নাজমুল হক বলেন, ‘ছাত্রীকে উত্ত্যক্ত ও তার বাবাকে মারধরের ঘটনায় করা মামলায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।’