কাজের মান নিয়ে বাগ্বিতণ্ডা: প্রকৌশলীকে বাঁশ নিয়ে ধাওয়া ঠিকাদারের
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এক প্রকৌশলীকে বাঁশ নিয়ে ধাওয়া করার অভিযোগ উঠেছে এক ঠিকাদারের বিরুদ্ধে।
আজ সোমবার বিকেলে উপজেলার শিবপুর এলাকার সড়ক উন্নয়ন প্রকল্পের একটি কাজের স্থানে এ ঘটনা ঘটে।
নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে নির্মাণকাজ তদারকি করছিলেন এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম। এ সময় কাজের মান নিয়ে তার সঙ্গে ঠিকাদার লোকমান হোসেনের বাগ্বিতণ্ডা শুরু হয়।
ভিডিওতে দেখা যায়, এক পর্যায়ে ঠিকাদার ক্ষিপ্ত হয়ে বাঁশ হাতে প্রকৌশলীকে ধাওয়া ও অশালীন ভাষায় গালাগাল করেন। দ্রুত দৌড়ে নিজেকে রক্ষা করেন ভুক্তভোগী প্রকৌশলী।
এ বিষয়ে ঠিকাদার লোকমান হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
ইউএনও মাহমুদুল হাসান বলেন, ‘প্রশাসন ঘটনাটি গুরুত্বের সঙ্গে নিয়েছে ও পুলিশকে কঠোর আইনি ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।’
স্থানীয় সংসদ সদস্য (এমপি) এম এ মান্নান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘দায়িত্ব পালনকালে একজন এলজিইডি প্রকৌশলীর সঙ্গে এমন আচরণ অত্যন্ত দুঃখজনক।’
২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত ঠিকাদারকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন বলে জানান এমপি।