চান্দিনায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ঘটনাস্থল থেকে গ্রেপ্তার ৪

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা

কুমিল্লার চান্দিনায় এক নারীকে ধর্ষণের সময় ঘটনাস্থল থেকে সংঘবদ্ধ চক্রের ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ সোমবার দিবাগত রাত ১টার দিকে চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের কামারখোলা গ্রামে ওই ঘটনা ঘটে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটকরা—চান্দিনা উপজেলার মাদারপুর গ্রামের মো. আশিক (৩১), কামারখোলা গ্রামের মেহেদী হাসান তারেক (২৪), মো. আরিফ (৩৪) ও মো. ইসমাইল (৩৭)।

মামলার বিবরণী থেকে জানা যায়, কুমিল্লার বরুড়া উপজেলা থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় ভুক্তভোগী ও তার স্বামী চান্দিনায় আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। পথে কামারখোলায় রিকশার ব্যাটারির চার্জ শেষ হয়ে যায়। এ সময় মোটরসাইকেলে তিনজন যুবক এসে তাদের পথরোধ করে।

ভুক্তভোগীর স্বামী জানান, মোটরসাইকেলে আসা তিনজন আমাদের সঙ্গে খারাপ আচরণ শুরু করে। তারা ফোন করে আরও দুইজনকে ডেকে আনে। তাদের মধ্যে কয়েকজন আমার স্ত্রীকে জোরপূর্বক পাশের একটি খেতে নিয়ে যায়। আর একজন আমাকে আরও দূরে নিয়ে রাতের অন্ধকারে ছেড়ে দেয়। 

‘এ সময় আমি ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমার স্ত্রীকে উদ্ধার করে,’ বলেন স্বামী।

ওসি আতিকুর বলেন, ‘সংঘবদ্ধ ওই চক্রের সঙ্গে পাঁচজন জড়িত। তাদের মধ্যে দুইজন সরাসরি ধর্ষণ করে। বাকিরাও অপেক্ষমান ছিল। আমরা ঘটনাস্থল থেকে চারজনকে আটক করেছি। ভুক্তভোগী নারী বাদী হয়ে দুপুর দেড়টার দিকে থানায় মামলা করেছেন। ওয়ানস্টপ সার্ভিস থেকে তার স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে।’ 

‘গ্রেপ্তার চারজনকে আদালতে উপস্থাপন করা হয়েছে। পলাতক আরেক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা বলছে,’ বলেন ওসি।