শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা গ্রেপ্তার
শ্যালিকাকে ধর্ষণ, আপত্তিকর ভিডিও ধারণ ও সেই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে যশোরের মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্বাস্থ্য কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ জানান, গতকাল শনিবার যশোরের উপশহর এলাকার বাসা থেকে ডা. রাফসান জানিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ভুক্তভোগী মনিরামপুর থানায় ধর্ষণ মামলা করার পর থেকেই ডা. রাফসান আত্মগোপনে ছিলেন। তাকে ধরতে আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন স্থানে নজরদারি জোরদার করে এবং গোপন সংবাদের ভিত্তিতে একপর্যায়ে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, প্রায় তিন বছর আগে ডা. রাফসান সন্তানদের দেখাশোনা ও লেখাপড়ায় সহায়তার কথা বলে শ্যালিকাকে যশোরে নিয়ে আসেন। সেখানে তিনি তার শ্যালিকাকে ধর্ষণ ও সেই ঘটনার ভিডিও ধারণ করেন। পরে ওই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করতেন।
ডা. রাফসানকে ঘিরে ওঠা এসব অভিযোগকে কেন্দ্র করে পাল্টাপাল্টি মামলা ও একাধিক সংবাদ সম্মেলনও হয়েছে যশোরে।
ওসি আবু সাঈদ জানান, আজ বিকেলে আদালতের মাধ্যমে অভিযুক্তকে কারাগারে পাঠানো হয়েছে।