খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, দুজন আহত
খুলনায় ফজরের নামাজের সময় মসজিদের ভেতর ঢুকে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। আজ রোববার ভোর সাড়ে ৫টার দিকে নগরের দৌলতপুরে বিএল (ব্রজলাল) কলেজ রোডে অবস্থিত ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির জামে মসজিদে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় দুজন আহত হয়েছেন। তারা হলেন- লোকমান হেকিম ও আলম শেখ। এর মধ্যে হেকিম জ্বালানি তেলের ব্যবসায়ী। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আর আহত আলম শেখ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানিয়েছে, ফজরের নামাজ চলাকালে দুর্বৃত্তরা মসজিদে ঢুকে গুলি চালায়। এতে লোকমান গুরুতর আহত হন। পরে স্থানীয় মুসল্লিরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। আহত আলম শেখকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
খুলনা মহানগর পুলিশের (কেএমপি) উপ-কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় দ্য ডেইলি স্টারকে বলেন, ভোর সাড়ে ৫টার দিকে গুলির ঘটনা ঘটে। আহত একজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গুরুতর আহত লোকমান হেকিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, সিসিটিভি ফুটেজে মোটরসাইকেলে হেলমেট পরা দুই ব্যক্তিকে দেখা গেছে। আমরা আরও ফুটেজ পরীক্ষা করছি। এখনো গুলির ঘটনার কোনো উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
গত ২ জুন রাত থেকে খুলনায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক কারবার দমনে বিশেষ যৌথ অভিযান চালাচ্ছে খুলনা মহানগর পুলিশ। গতকাল সকাল ১০টা পর্যন্ত অভিযানে মোট ৪৯৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এই অভিযানের মধ্যেই গত শুক্রবার দুপুর ১২টার দিকে নগরের লবণচড়া থানার মাথাভাঙ্গা এলাকায় রফিকুল ইসলাম নামে এক বিএনপি কর্মীকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
কেএমপির অপরাধ শাখার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের আগস্ট থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত নগরে ৮৯টি হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে ৩৪টির সঙ্গে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সম্পৃক্ততা পাওয়া গেছে। এ পরিস্থিতিতে থানাভিত্তিক সন্ত্রাসীদের নতুন তালিকা প্রণয়নের কাজ শুরু করেছে পুলিশ।