নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা
নেত্রকোণার মোহনগঞ্জে ১১ বছর বয়সী স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আজ সোমবার দুপুরে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
অভিযুক্ত মুন্না (২৫) ঘটনার পর থেকে পলাতক বলে জানান ওসি। সে মুন্সীগঞ্জের বিক্রমপুরের এক দোকানের কর্মচারী।
এর আগে গতকাল রাতে ধর্ষণ মামলা করেন শিশুর বাবা।
মামলার এজাহার থেকে জানা যায়, গত ১২ জুন রাত ১০টার দিকে শিশুটি ঘরের বাইরে গেলে তাকে ধর্ষণ করে মুন্না। এরপর ধারালো ছুরি দেখিয়ে কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেয়।
ধর্ষণের কারণে অব্যাহত রক্তক্ষরণ দেখে গতকাল শিশুটি পরিবারকে এ কথা জানায়। শিশুর বাবা অভিযুক্তের বাবার কাছে বিচার চাইতে গেলে তিনি ঘটনা ধামাচাপা দিতে ভয়ভীতি দেখান ও গ্রামছাড়া করার হুমকি দেন। পরে রাতেই শিশুর বাবা থানায় মামলা করেন।
ওসি হাফিজুল বলেন, ‘শিশুটিকে সোমবার সকালে পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি সব প্রক্রিয়া চলমান ও মুন্নাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’