কসবায় স্টেশনমাস্টারের ওপর হামলা, আধা ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল
ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশনে এক যাত্রীর হামলার শিকার হয়েছেন স্টেশনমাস্টার। আজ রোববার সকাল ৯টা ২০ মিনিটের দিকে এ ঘটনার পর প্রায় আধা ঘণ্টা ওই রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে। হামলার অভিযোগে সুমন মিয়া (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
আটক সুমন কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধ্বজনগর গ্রামের রৌশন মিয়ার ছেলে।
পুলিশ ও রেলওয়ে সূত্রে জানা গেছে, নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘উপকূল এক্সপ্রেস’ ট্রেনটি সকাল সোয়া ৯টার দিকে কসবা স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ায়। এর আগে সুমনের এক আত্মীয় কুমিল্লার লাকসাম স্টেশন থেকে ওই ট্রেনে ওঠার সময় রেলওয়ের এক কর্মচারীকে ১০০ টাকা দিয়েছিলেন।
ট্রেনটি কসবা স্টেশনে পৌঁছালে সুমন স্টেশনমাস্টার শফিকুল ইসলামের কক্ষে গিয়ে ওই টাকা ফেরত দাবি করেন। স্টেশনমাস্টার এ বিষয়ে কিছু জানেন না বলে জানালে সুমন ক্ষিপ্ত হয়ে তাকে কিল-ঘুষি মারতে শুরু করেন। একপর্যায়ে তিনি ট্রেনের সিগন্যাল নিয়ন্ত্রণে ব্যবহৃত ল্যান্ডফোন ও কম্পিউটার মনিটর ভাঙচুর করেন।
স্টেশনমাস্টারের ওপর হামলা ও সরঞ্জাম ভাঙচুরের কারণে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ৩৪ মিনিট পর ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা জানান, হামলাকারী যুবককে আটক করে থানা হাজতে রাখা হয়েছে। ঘটনাটি রেলওয়ের সঙ্গে সংশ্লিষ্ট হওয়ায় তাকে আখাউড়া রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
কসবা রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার শফিকুল ইসলাম বলেন, দায়িত্ব পালনরত কর্মকর্তার ওপর হামলা এবং রেলওয়ের সরকারি সরঞ্জাম ভাঙচুরের ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে আখাউড়া রেলওয়ে থানায় পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।