ত্রিশালে শিশু ধর্ষণের অভিযোগে ইমাম কারাগারে

নিজস্ব সংবাদদাতা, ময়মনসিংহ

ময়মনসিংহের ত্রিশালে ৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে এক ইমামকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার ময়মনসিংহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানজিনা ইসলাম এ আদেশ দেন।

অভিযুক্ত মোহাম্মদ ইব্রাহিম (৪৫) উপজেলার একটি মসজিদে ইমামের দায়িত্ব পালন করেন।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত শুক্রবার ওই শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে। পরে গতকাল সোমবার রাতে শিশুটির বাবা বাদী হয়ে মামলা করেন।

মামলার বরাতে ওসি জানান, গ্রামের বিভিন্ন বাড়ি থেকে মসজিদের ইমামকে খাবার দেওয়া হয়। শিশুটি বিভিন্ন সময়ে মসজিদে খাবার পৌঁছে দিত। গত শুক্রবার ওই শিশু ইমামের জন্য দুপুরের খাবার নিয়ে গেলে তিনি শিশুটিকে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে না জানাতে শিশুটিকে ভয়ও দেখান তিনি।

পরে গতকাল সোমবার শিশুটি ধর্ষণের বিষয়টি স্বজনদের জানায়। এ খবর ছড়িয়ে গেলে স্থানীয়রা মসজিদে গিয়ে ইমামকে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে তিনি বিষয়টি স্বীকার করলে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

ওসি মনসুর আহমেদ বলেন, 'শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জবানবন্দির জন্য তাকে আদালতেও নেওয়া হয়েছে।'

এর আগে, একই উপজেলায় গত শনিবার বিকেলে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আরেক ইমামকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়।