মুক্তাগাছায় ধর্ষণ মামলায় ইমাম কারাগারে, ডিএনএ পরীক্ষার আবেদন
ময়মনসিংহে ধর্ষণ মামলায় কারাবন্দি স্থানীয় মসজিদের ইমাম মোহাম্মদ আব্দুল্লাহর (২২) ডিএনএ পরীক্ষার জন্য আদালতে আবেদন করেছে পুলিশ।
এর আগে গতকাল ভোররাতে মুক্তাগাছা উপজেলা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেপ্তার করে। বিকেলে আদালতে হাজির করা হলে বিচারক তাকে হাজতে পাঠানোর আদেশ দেন।
আজ শনিবার সকালে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, আব্দুল্লাহ একটি বাড়িতে লজিং থাকতেন এবং স্থানীয় একটি মসজিদে ইমামতি করতেন। অভিযোগ উঠেছে, গত বছরের ২২ নভেম্বর দিবাগত রাতে আব্দুল্লাহ ওই বাড়িতে ১৫ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ করেন। ঘটনাটি গোপন রাখতে তিনি ওই শিক্ষার্থীকে প্রাণনাশের হুমকিও দেন।
ওই শিক্ষার্থীর বাবা-মা ঢাকায় পোশাক কারখানায় চাকরি করেন। ওই শিক্ষার্থী দাদির সঙ্গে থাকেন। সম্প্রতি তার দাদি শারীরিক পরিবর্তন দেখে চিকিৎসকের কাছে নিয়ে যান। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক জানান, ওই শিক্ষার্থী প্রায় সাত মাসের অন্তঃসত্ত্বা, জানিয়েছে পুলিশ।
গত ৫ জুন মুক্তাগাছা থানায় ওই শিক্ষার্থীর বাবা মামলা দায়ের করেন। কামরুল জানান, মামলার পর থেকেই আসামি পলাতক ছিলেন এবং বারবার অবস্থান পরিবর্তন করছিলেন। তাকে গ্রেপ্তার করতে ঢাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।
‘ঘটনার সত্যতা যাচাই-বাছাই ও প্রয়োজনীয় আলামত সংগ্রহের লক্ষ্যে ডিএনএ পরীক্ষার জন্য আদালতে আবেদন করা হয়েছে,’ বলেন এই পুলিশ কর্মকর্তা।