সাতক্ষীরায় স্কুলশিক্ষার্থীকে ধর্ষণে অভিযুক্ত কিশোরকে থানায় সোপর্দ
সাতক্ষীরা সদর উপজেলায় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় আসামি কিশোরকে থানায় সোপর্দ করেছেন তার স্বজনরা। পরে তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে অভিযুক্ত কিশোরকে থানায় সোপর্দ করা হয়। পরে তাকে যশোরের পুলেরহাট শিশু উন্নয়ন কেন্দ্রে (বালক) পাঠানোর নির্দেশ দেন আদালত।
সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক মো. মঈনুদ্দিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার এজাহার থেকে জানা যায়, গত রোববার বিকেলে শিশুটিকে এক বাড়ির ছাদে নিয়ে ধর্ষণ করে ওই কিশোর। ঘটনার পর চাচিকে দেখে শিশু কান্না শুরু করলে কিশোরটি পালিয়ে যায়।
সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসক সুদেষ্ণা সরকার জানান, রাতে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে সাতক্ষীরা সদর হাসপাতাল আনা হয়। পরে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান জানান, পরদিন সোমবার বিকেলে শিশুর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার পরিদর্শক সুশান্ত কুমার ঘোষ বলেন, ‘পালিয়ে থাকা কিশোরের স্বজনরা আজ বিকেলে তাকে থানায় সোপর্দ করেন। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।’