নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার
রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রপার্টিজে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের হওয়া মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
আজ বুধবার দুপুর পৌনে ৩টার দিকে সেগুনবাগিচা এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবি প্রধান ও পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ডিবির গুলশান বিভাগের একটি দল মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে।
মহিউদ্দিন এই হামলার ঘটনায় দায়ের মামলার চার নম্বর আসামি।
শনিবার রাতে একদল লোক ইসিবি চত্বরের কাছে দক্ষিণ মানিকদীর নিউগিনি প্রপার্টিজের আবাসন প্রকল্পে ঢুকে হামলা চালায়। হামলাকারীরা ‘ব্রাউনফিশ’ নামে পরিচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতেও ভাঙচুর ও লুটপাট চালায়।
নিউগিনি প্রপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া ২৭ সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানায় মামলা দায়ের করেন।
এজাহারে গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
