দুদকের গণশুনানি: সবচেয়ে বেশি অভিযোগ চসিক ও সিডিএর বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দুর্নীতি দমন কমিশন ও মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত গণশুনানিতে সরকারি দপ্তরগুলোর মধ্যে সেবাগ্রহীতাদের কাছ থেকে সবচেয়ে বেশি অভিযোগ এসেছে চট্টগ্রাম সিটি করপোরেশন ও চট্টগ্রাম নগর উন্নয়ন কর্তৃপক্ষ নিয়ে।

আজ বুধবার দিনভর চট্টগ্রাম মেডিকেল কলেজের ডা. শাহ আলম বীরউত্তম অডিটোরিয়াম সেবা গ্রহীতাদের নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়। সেখানে ভুক্তভোগীরা দুদকের সামনে তাদের অভিজ্ঞতা ও সেবা নিয়ে দীর্ঘসূত্রতার অভিযোগ করেন।

গণশুনানিতে দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. মোঃ মোজাম্মেল হক খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তার সঙ্গে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম জেলা প্রশাসন, চট্টগ্রাম মহানগর পুলিশসহ বিভিন্ন সরকারি অফিস প্রধান ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। গণশুনানী অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগরীর প্রায় ৮৩টি সরকারি দপ্তর অংশ গ্রহণ করে।

প্রধান অতিথির বক্তব্যে কমিশনার বলেন, 'দুদক কর্তৃক রুজুকৃত মামলায় সাজার হার ৭০ শতাংশ। দুদক এখন শুধু চুনোপুটিদের ধরছে না, রাঘব-বোয়ালদের কারাগারে পাঠিয়ে, শান্তি দিয়ে দুদকের সক্ষমতার জানান দিচ্ছে।'

'দুদকের জালে একবার ধরা খেলে তার সম্পদ ভোগ করার সুযোগ থাকবে না। একমাত্র মৃত ব্যক্তি ছাড়া কোনো দুর্নীতিবাজ দুদক থেকে বাঁচতে পারবে না। জিরো টলারেন্স টু করাপশান হচ্ছে আমাদের একমাত্র টার্গেট। এ লক্ষ্য অর্জন না করা পর্যন্ত আমাদের কার্যক্রম চলবে,' বলেন তিনি।

দুদকের কার্যক্রম আরও সম্প্রসারিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, 'নতুন ১২টি কার্যালয়সহ মোট ৩৬টি কার্যালয়ের মাধ্যমে দুদকের কার্যক্রম পরিচালিত হচ্ছে।'

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মাদ মমিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন,  সিএমপি পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়, মহাপরিচালক (প্রতিরোধ) একেএম সোহেল, বিভাগীয় পরিচালক মো. মাহমুদ হাসান এবং মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জনাব মনোয়ারা হাকিম আলী।

গণশুনানীতে ২০০টি অভিযোগের মধ্যে ৪৭টি অভিযোগের শুনানি করা হয়। এর মধ্যে ৩০টি অভিযোগের তাৎক্ষণিক সমাধান দেয়া হয়েছে। ৩টি অভিযোগ তাৎক্ষণিকভাবে কমিশনের পক্ষ থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত হয়। বাকি অভিযোগগুলো প্রাথমিক যাচাই বাছাই শেষে দুর্নীতি দমন কমিশনে পাঠানোর জন্য সংশ্লিষ্ট অফিসকে নির্দেশনা দেওয়া হয়।