পাবনা পৌরসভার ১০৭ কোটি টাকা বাজেট ঘোষণা
পাবনা পৌরসভার ২০২২-২৩ অর্থবছরের জন্য ১০৭ কোটি ৪৩ লাখ টাকা বাজেট ঘোষণা করা হয়েছে। নতুন করে কোনো করারোপ ছাড়াই পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান বুধবার এক সংবাদ সম্মেলনে এ বাজেট ঘোষণা করেন।
বাজেট বিবরণি থেকে জানা গেছে ঘোষিত বাজেটে রাজস্ব আয় ৩৫ কোটি ৭৯ লাখ ৫০ হাজার টাকা, উন্নয়ন আয় ৬৫ কোটি ৪৯ লাখ টাকা, মূলধন ৩ কোটি ৬৫ লাখ টাকা এবং প্রারম্ভিক স্থিতি ২ কোটি ৫০ লাখ টাকা ধরা হয়েছে।
এ ছাড়া ব্যয়ের খাতে রাজস্ব ব্যয় ১৮ কোটি ৫০ লাখ, উন্নয়ন ব্যয় ৫৬ কোটি ১৪ লাখ, মুলধন ব্যয় (ঋনের কিস্তি) ৩ কোটি ৬০ লাখ এবং সমাপনী স্থিতি ২৯ কোটি ১৮ লাখ টাকা ধরা হয়েছে।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে মেয়র শরীফ উদ্দিন বলেন, পাবনা পৌরসভাকে একটি নান্দনিক, যানজটমুক্ত সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে পৌরসভা প্রশাসন কাজ করছে। বাজেট ঘোষণায় পৌরসভার মেয়র উন্নয়ন কর্মকাণ্ডের স্বার্থে বিভিন্ন দাতা গোষ্ঠী, সরকার এবং পৌরবাসীর সহযোগিতা কামনা করেন।