বড় ফেনী নদীতে ধরা পড়ল ৩ কেজির ইলিশের ঝাঁক
ফেনীর সোনাগাজী উপজেলায় সমুদ্র উপকূলীয় বড় ফেনী নদীতে জেলেদের জালে ৩ ও ২ কেজির বেশি ওজনের ৩৫টি ইলিশ ধরা পড়েছে।
ওই ৩৫টি ইলিশের মধ্যে ৫টি প্রায় ৩ কেজি ও ৩০টির ওজন ২ কেজি ২৫০ গ্রাম বা ২ কেজি।
একই জালে ধরা পড়েছে আরও ছোট-বড় প্রায় ৫০ কেজি ইলিশ। সব মিলিয়ে জেলেদের জালে প্রায় ৩ মণ ১২ কেজি ইলিশ ধরা পড়েছে।
গতকাল শনিবার বিকেলের দিকে মাছগুলো জালে আটকা পড়ে। পরে জেলেরা মাছগুলো নদীর তীরে অবস্থিত আড়তে নিয়ে যায়।
সেখানে নিলাম ডাকে স্থানীয় মৎস্য ব্যবসায়ী নেয়ামত উল্যাহ ও আবদুল মান্নান যৌথভাবে ৩ মণ ১২ কেজি ইলিশ মাছ ২ লাখ ২০ হাজার ৫০০ টাকায় কিনে নেন।
তারা বাজারে এনে ৩৫টি বড় মাছ ১ লাখ ৩৫ হাজার ৫০০ টাকা বিক্রি করে। ছোট ইলিশ মাছগুলো মাছ ১ লাখ ২০ হাজার টাকায় বিক্রি করেন।
এর আগেও একই নদীতে জেলেদের জালে ৩ ও আড়াই কেজি ওজনের ২১টি ইলিশ মাছ ধরা পড়েছিল।
স্থানীয়রা জানান, উপজেলার চর চান্দয়া ইউনিয়নের আর্দশগ্রাম এলাকার জেলে খালেক মিয়া ও মানিক মিয়াসহ কয়েকজন জেলে দুটি ট্রলারে শনিবার সকালে ইলিশ মাছ ধরতে বড় ফেনী নদীর শেষ প্রান্তে বঙ্গোপসাগরের মোহনায় জাল ফেলে বসেছিলেন।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জোয়ার কমতে থাকায় জেলেরা জাল টেনে ট্রলারে তুলতেছিলেন। এসময় জালটি অনেক ভারি ও পানির নিচে বেশ জোরে টান মারলে বুঝতে পারেন, বড় ও ভারী কিছু আটকা পড়েছে। পরে জাল টেনে নৌকায় তুলতেই সবাই দেখতে পান, আবারও নদীতে বেশ কিছু বড় বড় ইলিশ মাছ ধরা পড়েছে। একই সঙ্গে ছোট ইলিশও ধরা পড়েছে।
জেলে খালেক মিয়া বলেন, 'মাছ ধরা শেষে বিকেলের দিকে নদী থেকে ফিরে মাছগুলো স্থানীয় আড়তে বিক্রি করতে নিয়ে যাই। সেখানে নিলাম ডাকে সর্বোচ্চ দরদাতার কাছে মাছগুলো বিক্রি করেছি। পৌর শহরের পাইকারি মাছ বিক্রেতা নেয়ামত উল্যাহ ও আবদুল মান্নান যৌথভাবে ছোট-বড় সব কটি ইলিশ মাছ ২ লাখ ২০ হাজার ৫০০ টাকায় কিনে নেন।'
সোনাগাজীর মৎস্য ব্যবসায়ী আবদুল মান্নান বলেন, 'মাছগুলো বিক্রি করার জন্য সন্ধ্যায় পৌর শহরের মাছবাজারে নিয়ে গেলে বাজারে উৎসুক অনেকে বড় ইলিশ মাছগুলো দেখতে ভিড় করেন। আবার অনেকে শখ করে বেশি দাম হলেও একটা-দুটা করে বড় ইলিশ মাছ কিনে বাড়ি নিয়ে যান।'
নেয়ামত উল্যাহ বলেন, '৩ কেজির ইলিশ গুলি ১৮৫০ টাকা করে এবং ২ কেজির বেশি ওজনের ইলিশ ১৭০০ টাকা কেজি দরে বিক্রির জন্য দর হাঁকাই। পরে রাত বাড়ার সঙ্গে সঙ্গে ১৭০০, ১৬০০ ও ১৫০০ টাকা কেজি দরে বিক্রি করি। এছাড়া অন্য ছোট ইলিশ মাছগুলো ৮০০ টাকা থেকে ১৩৫০ টাকা কেজি দরে বিক্রি করেছি।'
স্থানীয় জেলেরা জানান, সম্প্রতি সোনাগাজীতে বড় ফেনী নদী ও ছোট ফেনী নদীতে ইলিশ ছাড়াও ৫ থেকে ২০ কেজি ওজনের কোরাল, বোয়াল, কাতলা, পাঙ্গাশ, বাগাড়সহ বিভিন্ন ধরনের মাছ পাওয়া যাচ্ছে। নদীর মাছ অন্য মাছের থেকে বেশি সুস্বাদু হওয়ায় দামও একটু বেশি।
উপজেলার মৎস্য কর্মকর্তা তূর্য সাহা বলেন, 'মা ইলিশ সংরক্ষণ অভিযানের আগে মাঝেমধ্যে অন্যান্য প্রজাতির বেশ বড় মাছ পাওয়া গেছে। এই মৌসুমে নদীতে একাধিকবার ৩ কেজি, আড়াই ও ২ কেজি ওজনের বড় ইলিশ মাছ ধরা পড়েছে। তবে সামনের পূর্ণিমাতে আরও বড় বড় মাছ ধরা পড়বে বলে আশা করা হচ্ছে।'
'ইলিশের প্রধান প্রজনন মৌসুমসহ সরকারি বিভিন্ন নিষেধাজ্ঞা মেনে চলায় স্থানীয় জেলেরা উপকৃত হচ্ছেন। এ কারণে নদী ও সাগরে বিভিন্ন প্রজাতির মাছের বংশবিস্তার বেড়েছে এবং টানা ও বসানো জালে বিভিন্ন প্রজাতির প্রচুর পরিমাণ মাছ ধরা পড়ছে,' বলেন তিনি।