মানিকগঞ্জের ঐতিহ্যবাহী গড়পাড়া ইমামবাড়ির তাজিয়া মিছিল

নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ

পবিত্র আশুরা উপলক্ষে মানিকগঞ্জে অনুষ্ঠিত হলো শত বছরের ঐতিহ্যবাহী গড়পাড়া ইমামবাড়ির তাজিয়া মিছিল। আজ মঙ্গলবার বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইমামবাড়ি থেকে তাজিয়া মিছিলটি বের হয়।

মিছিলটি ১০ কিলোমিটার পথ ঘুরে সরকারী দেবেন্দ্র কলেজ মাঠে গিয়ে শেষ হয়। তাজিয়া মিছিল দেখতে সড়কের দুই পাশে এবং কলেজ মাঠে হাজারো মানুষ ভিড় করেন।

তাজিয়া মিছিলের পর, কলেজ মাঠে আলোচনা সভা হয়। গড়পাড়া ইমামবাড়ির গদিনসিন পীর শাহ আরিফুর রহমান বাবুর সভাপতিত্বে এই আলোচনা সভায় বক্তব্য রাখেন মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো. রমজান আলী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, গড়পাড়া ইমাম বাড়ির পীর শাহ রহমান বাঁধন, শাহজাদা তাজিনুর রহমান প্রমুখ।

দেশ-বিদেশের অতিথিরাও আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

manikganj_tajia.jpg
মানিকগঞ্জ শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তাজিয়া মিছিল। ছবি: জাহাঙ্গীর শাহ/স্টার

বক্তারা বলেন, গড়পাড়া ইমামবাড়ি থেকে একশ বছর আগে থেকে তাজিয়া মিছিল করা হচ্ছে। এটি জেলার ঐতিহ্য ও সংস্কৃতির অংশ হয়ে উঠেছে।

পবিত্র আশুরা উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনও আলোচনা সভা আয়োজন করে। সেখানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সানোয়ারুল হক, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মুহাম্মদ জামাল হোসাইনসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, মুসলমানদের কাছে এই দিনটি অত্যন্ত শোকের। তখনকার ক্ষমতাসীন এজিদ সেই হত্যাকাণ্ডের বিচার করেনি। এ কারণে ইসলামের ইতিহাসে এজিদ নিন্দনীয়। নিজেরা দলাদলি না করে, সবাইকে ইতিহাস থেকে শিক্ষা নিতে আহ্বান জানান তারা।