সিএসআর সামিট অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২২ এর মনোনয়ন জমার সময় শুরু

স্টার অনলাইন রিপোর্ট

দ্য ডেইলি স্টার এবং সিএসআর উইন্ডো সম্মিলিতভাবে আয়োজন করছে বাংলাদেশের সর্ববৃহৎ সামাজিক দায়বদ্ধতা কর্মসূচি সম্মেলন ও সম্মাননা 'এ বেটার টুমোরো: সিএসআর সামিট অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২২'।

বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলোর সামাজিক দায়বদ্ধতা কর্মসূচি, যেগুলো বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখছে, সেগুলোর স্বীকৃতি ও উৎসাহ প্রদানের লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং সিএসআর অ্যাওয়ার্ড প্রত্যাশী প্রতিষ্ঠানগুলো থেকে মনোনয়নের আবেদন জমা দেওয়ার আহ্বান করা হচ্ছে।

বাংলাদেশে এ ধরণের উদ্যোগ এটাই প্রথম, যার মাধ্যমে বিশ্বমানের সামাজিক কর্মসূচির পরিকল্পনা, বাস্তবায়ন এবং এ সম্পর্কিত কার্যক্রমে পৃষ্ঠপোষকতার জন্য বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলোকে ৭টি ক্যাটাগরিতে 'সিএসআর অ্যাওয়ার্ডস' স্বীকৃতি প্রদান করা হবে।

এ উদ্যোগে বাংলাদেশে পরিচালিত সব প্রতিষ্ঠান তাদের সিএসআর প্রকল্প মনোনয়নের জন্য জমা দিতে পারবে। মনোনয়ন জমা দিতে কোনো ফি দিতে হবে না এবং একটি প্রতিষ্ঠান একাধিক ক্যাটাগরিতে সিএসআর প্রকল্প জমা দিতে পারবে।

মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ আগামী ৩০ সেপ্টেম্বর। csrawardsbd.com এই ওয়েবসাইটে আবেদন ফরম ও বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

এই আয়োজনে সিএসআর প্রকল্প জমা দেওয়ার ক্যাটাগরিগুলো হচ্ছে:

১. সেরা সিএসআর (শিক্ষা): এই পুরষ্কারটি সেই প্রতিষ্ঠানকে দেওয়া হবে, যারা শিশু ও প্রাপ্তবয়স্কদের শিক্ষার উন্নয়নে টেকসই ও দীর্ঘমেয়াদী প্রকল্প বাস্তবায়ন করেছে।

২. সেরা সিএসআর (স্বাস্থ্যসেবা): বাংলাদেশের স্বাস্থ্যখাতে উন্নয়নের জন্য যেসব প্রতিষ্ঠান বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প গ্রহণ করেছে এবং স্বাস্থ্যখাতের উন্নয়নে অবদান রেখেছে, তাদের মধ্যে থেকে এই পুরস্কার দেওয়া হবে।

৩. সেরা সিএসআর (পরিবেশ): যে সংস্থা সামাজিক উদ্যোগের মাধ্যমে পরিবেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করেছে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ও জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করেছে, সেই সব প্রতিষ্ঠান এই ক্যাটাগরিতে পুরস্কৃত হবেন।

৪. সেরা সিএসআর (কমিউনিটি সম্পৃক্তকরণ): এই পুরস্কার এমন সংস্থাকে প্রদান করা হবে, যার প্রকল্প বিভিন্ন সম্প্রদায়ের মানুষের ওপর বৃহত্তর ধরণের ইতিবাচক প্রভাব ফেলছে এবং বিদ্যমান সমস্যা সমাধান করার মাধ্যমে সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করছে।

৫. সেরা সিএসআর (দুর্যোগ ব্যবস্থাপনা): এই বিভাগে তারাই মনোনীত হবেন, যারা সারা দেশে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করার উদ্দেশ্যে স্থানীয় কৌশল ও পরিস্থিতির সময়ে বা পরে জনস্বাস্থ্য এবং নিরাপত্তার ওপর প্রশংসনীয় প্রভাব ফেলেছে।

৬. সেরা সিএসআর (আর্থিক অন্তর্ভুক্তিকরণ): এই পুরস্কারটি এমন সংস্থাকে দেওয়া হবে যারা এমন উদ্যোগ বা শিক্ষামূলক কর্মসূচী তৈরি করেছে, যা সাধারণ মানুষের জন্য ব্যক্তিগত আর্থিক সচ্ছলতা নিশ্চিত করেছে এবং উদ্যোক্তা তৈরি বা আর্থিক স্বাক্ষরতার মাধ্যমে দারিদ্র্যসীমার ওপরে নিয়ে যেতে সক্ষম হয়েছে।

৭. যুব বর্ষসেরা সামাজিক উদ্যোক্তা: এই পুরষ্কার অনূর্ধ্ব ৪০ বছরের এমন একজন তরুণকে দেওয়া হবে, যিনি তার কাজের মাধ্যমে অনুপ্রেরণামূলক এবং অর্থবহ পরিবর্তন দেখিয়েছেন বা ব্যতিক্রমী নেতৃত্বের দক্ষতা প্রদর্শন করে মানুষকে ইতিবাচকভাবে প্রভাবিত করেছেন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছেন।

'এ বেটার টুমোরো: সিএসআর সামিট অ্যান্ড অ্যাওয়ার্ডস' প্রতি বছর টেকসই সিএসআর অনুশীলনের মূল বিষয়গুলো নিয়ে করপোরেটস, সংসদ সদস্য, অলাভজনক প্রতিষ্ঠান এবং ডেভেলপমেন্ট খাতের নেতাদের সম্মিলিত করবে। পাশাপাশি, এই সিএসআর সম্মেলন সারা দেশের আর্থ-সামাজিক সমস্যা মোকাবিলায় সম্ভাব্য সমাধানের লক্ষ্যে আলোকপাত করবে ও সম্মিলিত প্রচেষ্টাকে উৎসাহিত করবে।