নিখোঁজের ২৫ দিন পর পুরোনো কবরে মিললো ভ্যানচালকের মরদেহ

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর

শরীয়তপুর সদর উপজেলায় নিখোঁজ হওয়ার ২৫ দিন পর এক ভ্যানচালকের মরদেহ পাওয়া গেছে।

আজ সোমবার বিকেলে উপজেলার আংগারিয়া ইউনিয়নের চর চটাং এলাকার একটি পুরোনো কবরে মরদেহটি পাওয়া যায়।

অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) আশিক মাহমুদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মনু বেপারি (৬৫) আংগারিয়া ইউনিয়নের সিঙ্গারিয়া এলাকার সোনাই বেপারির ছেলে।

পুলিশ ও স্বজনরা জানান, মনু গত ২৫ দিন ধরে নিখোঁজ ছিলেন। এ ঘটনায় ১৩ এপ্রিল পালং মডেল থানায় তার বোন মিনারা বেগম একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। আজ সকালে বাড়ির পাশেই তিন বছর আগে মারা যাওয়া মামাতো ভাই সাহেব আলী মাদবরের কবরের ওপর নতুন মাটি দেখে সন্দেহ হয় মিনারার। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কবর খুঁড়ে মরদেহটি দেখতে পায়।

অতিরিক্ত পুলিশ সুপার আশিক মাহমুদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মনুকে হত্যা করে তার মরদেহ অন্যের কবরে রাখা হয়েছে। যেহেতু মরদেহটি কবরে রয়েছে, তাই নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আদালতের প্রয়োজনীয় অনুমতি নিয়ে সেটি উত্তোলন করা হবে। এরপর সুরতহালসহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

তিনি বলেন, মঙ্গলবার সকাল ১১টায় মরদেহটি কবর থেকে তোলা হবে।