মন্ত্রীর নির্দেশ অমান্য করে পরীক্ষাকেন্দ্রে এমপি, করলেন ফেসবুক লাইভও
শিক্ষামন্ত্রীর নির্দেশ অমান্য করে কুমিল্লার একটি এসএসসি পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করে সেখান থেকে ফেসবুক লাইভ করার অভিযোগ উঠেছে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিম ভুঁইয়ার বিরুদ্ধে।
আজ মঙ্গলবার সকালে জেলার হোমনা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে তিনি পরীক্ষার হল পরিদর্শন করেন। এ সময় সেলিম ভুঁইয়ার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে প্রায় ৯ মিনিটের একটি লাইভ সম্প্রচার করা হয়।
লাইভে দেখা যায়, সেলিম ভুঁইয়া ভবনের দ্বিতীয় তলায় উঠে একাধিক পরীক্ষা হলের ভেতরে শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে কথা বলছেন। একপর্যায়ে তিনি শিক্ষার্থীদের কাছে জানতে চান, পরীক্ষা সহজ হয়েছে কি না? এ সময় কেন্দ্রের প্রধান শিক্ষক তাজুল ইসলাম দেখা করতে এলে সেলিম ভুঁইয়া তাকে নিজের কাজ করতে বলেন ও ইশারায় সরে যেতে বলেন।
গত ১২ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত এক সভায় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন নির্দেশ দেন, কোনো জনপ্রতিনিধি পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।
এ বিষয়ে জানতে চাইলে সচেতন নাগরিক কমিটির (সনাক) কুমিল্লা শাখার সাবেক সভাপতি আলমগীর খান দ্য ডেইলি স্টারকে বলেন, জনপ্রতিনিধির উপস্থিতি পরীক্ষার্থীদের ওপর মানসিক চাপ তৈরি করতে পারে। মন্ত্রীর নির্দেশনা অমান্য করা অপ্রত্যাশিত।
কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক তাজুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, ‘আমি শুধু তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি। পরে আমি পরীক্ষার কাজে ব্যস্ত হয়ে পড়ি। এরপর কী হয়েছে তা জানি না।’
কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শামছুল আলম ডেইলি স্টারকে বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে জানতে সংসদ সদস্য সেলিম ভুঁইয়ার মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি ধরেননি।