পটুয়াখালীতে ৪ ধরে নিখোঁজ ইউপি সদস্য, থানায় জিডি

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী

পটুয়াখালী সদর উপজেলায় এক ইউপি সদস্য ৪ দিন ধরে নিখোঁজ রয়েছেন।

গত ৫ মে সন্ধ্যার দিকে তিনি নিখোঁজ হন। এ ঘটনায় পরদিন বুধবার তার মামা পটুয়াখালী সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিখোঁজ শহিদুল ইসলাম জোমাদ্দার (৩৭) উপজেলার লোহালিয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। তিনি ওই এলাকার রুহুল আমিন জোমাদ্দারের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহিদুল বাড়ি থেকে বের হয়ে পটুয়াখালী-লোহালিয়া সড়কের দিকে যান। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজ ইউপি সদস্যের মামা মো. সোহরাব হোসেন পরদিন পটুয়াখালী সদর থানায় একটি জিডি করেন।

তিনি বলেন, সন্ধ্যার দিকে রাস্তায় যাওয়ার পর শহিদুল নিখোঁজ হয়। এরপর তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ওসি মনিরুজ্জামান বলেন, নিখোঁজের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় শহিদুলকে খুঁজে বের করার চেষ্টা চলছে।