চুরির অপবাদে খুঁটিতে বেঁধে নির্যাতনের শিকার কিশোরীর মরদেহ উদ্ধার
পাবনার চাটমোহর উপজেলায় ১২০ টাকা চুরির অভিযোগে নির্যাতনের শিকার এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উপজেলার চিনাভাতকুর গ্রামে গতকাল শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত শ্রাবন্তী (১৪) ওই গ্রামের দিনমজুর আলতাব হোসেনের মেয়ে।
সে এক বছর ধরে গ্রেপ্তার প্রতিবেশী হান্নান মোল্লার বাড়িতে গৃহকর্মীর কাজ করত।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, শুক্রবার সকালে হান্নানের বাড়ি থেকে ১২০ টাকা হারিয়ে যায়। এ ঘটনায় হান্নান ও তার পরিবারের সদস্যরা চুরির অপবাদ দিয়ে শ্রাবন্তীকে বারান্দার খুঁটির সঙ্গে বেঁধে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন। ওই সময় কয়েকজন প্রতিবেশী মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। নির্যাতনের পর ছাড়া পেয়ে বাড়িতে চলে যায় শ্রাবন্তী। পরে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
শ্রাবন্তীর মামা সিফাত হোসেন গণমাধ্যমকে বলেন, ‘আমার ভাগনি যদি চুরি করেও থাকে, তবে তারা আমাদের জানাতে পারতো। কিন্তু তারা তাকে খুঁটির সঙ্গে বেঁধে সবার সামনে মারধর করেছে। এই অপমান সইতে না পেরেই সে নিজের জীবন শেষ করে দিয়েছে। আমরা এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।’
ওসি গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। আজ সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
তিনি বলেন, এ ঘটনায় শ্রাবন্তীর বাবা আত্মহত্যার প্ররোচনা ও নির্যাতনের অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা করেছেন। গ্রেপ্তার প্রধান আসামি হান্নান মোল্লাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তার অভিযান চলছে।