হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ৪০০ ছাড়াল
দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ৪০০ ছাড়িয়েছে।
আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ১১ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে চারজনের হাম নিশ্চিত হয়েছে। বাকিরা হামের উপসর্গ নিয়ে মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ জনে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৩৪৪ জন।
অর্থাৎ হাম ও উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা হয়েছে ৪০৯।
গত ২৪ ঘণ্টায় ২০৫ জনের নতুন করে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে হামে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৮১৯ জনে।
একই সময়ে হামের উপসর্গ নিয়ে নতুন ১ হাজার ৫০৩ সংক্রমণ রেকর্ড করা হয়েছে।
এতে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ হাজার ১৫৯ জনে।
উল্লেখ্য, ময়মনসিংহ, রংপুর ও বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা সমন্বয় করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
গতকাল মোট মৃতের সংখ্যা ছিল ৩৫২। গত ২৪ ঘণ্টায় ১১ মৃত্যু ও তিন মেডিকেলের তথ্য সমন্বয়ের পর মৃত্যুর সংখ্যা বেড়ে ৪০৯ জনে দাঁড়িয়েছে।
এর আগে গত ৭ মে হামে মৃত্যু সরকারি হিসাব নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে দ্য ডেইলি স্টার।
প্রতিবেদনে বলা হয়, সরকারের কেন্দ্রীয় তালিকার তুলনায় হামে মৃত্যুর প্রকৃত সংখ্যা আরও বেশি। বরিশাল ও ময়মনসিংহ বিভাগে হামের মৃত্যুর প্রকৃত তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের কেন্দ্রীয় তালিকায় নেই।
