ভবনের দেয়াল ধসে পড়ল নিচের টিনশেড ঘরে, শিশু নিহত
নারায়ণগঞ্জে একটি তিনতলা ভবনের ছাদের দেয়াল ধসে পাশের টিনশেড ঘরের ওপর পড়ে ৭ মাস বয়সী এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শিশুটির মা।
আজ বুধবার সকালে নগরীর পশ্চিম দেওভোগ এলাকায় এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত আরিয়ান বরিশালের বাসিন্দা মো. জসিমের ছেলে। রেস্তোরাঁকর্মী জসিম স্ত্রী খাদিজা ও একমাত্র সন্তান আরিয়ানকে নিয়ে দেওভোগের ওই টিনশেড বাসায় ভাড়া থাকতেন।
ওসি সাজেদুর রহমান বলেন, তিনতলা ভবনের ছাদের সাইড-ওয়ালটি বৃষ্টির পানির কারণে নরম হয়ে গিয়েছিল। সকালের ভারী বর্ষণ ও ঝড়ো বাতাসে সেটি ধসে পাশের টিনশেড ঘরে পড়ে। সেসময় ঘরটিতে ঘুমিয়ে থাকা মা ও শিশু গুরুতর আহত হয়।
‘আহতদের প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে মাতুয়াইলের শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়। তার মা বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।’
তিনি আরও বলেন, মরদেহ ঢামেক মর্গে আছে। শিশুটির পরিবার থানায় অভিযোগ করলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেয়াল ধসে পড়া ভবনটির মালিক লন্ডনপ্রবাসী সরকার কামাল। এটি দেখাশোনা করেন তার বড় ভাই জেলা আইনজীবী সমিতির সভাপতি সরকার হুমায়ুন কবির।
ডেইলি স্টারকে তিনি বলেন, ‘আমি দেয়ালটা নড়বড়ে আছে বলে ছোট ভাইকে জানিয়েছিলাম। রেলিংটা ভেঙে ফেলতেও বলেছিলাম। কিন্তু সে তা করেনি। আজ সকালের ঝড়েই এটি ভেঙে পড়ে।’
তিনি বলেন, ‘এটি একটি দুর্ঘটনা। বিষয়টি ছোট ভাইকে জানানো হয়েছে। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন।’